কোনো বোলারকে ভয় পাইনি, বললেন সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা সাব্বির। ছবি: এএফপি
অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা সাব্বির। ছবি: এএফপি

কদিন আগেই সাব্বির রহমানের সঙ্গে কথা হচ্ছিল উইকেটে তাঁর ভয়-ডরহীন মানসিকতা নিয়ে। বলেছিলেন, ‘আমি বলের দিকে নজর রাখি, বোলারের নামের দিকে না।’ আজ দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পর সেই ভয়ডরহীন সাব্বির। তুলাধোনা করলেন গুল-রিয়াজদের। অপরাজিত ৫১ রান করে হলেন ম্যাচসেরা।
সংবাদ সম্মেলনেও উঠল সে প্রসঙ্গ। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে রয়েছে বেশ কজন বিশ্বমানের বোলার। তাঁদের বিপক্ষে এতটা সাবলীল ব্যাটিংয়ের নেপথ্যে কী কাজ করেছে? সাব্বির বললেন, ‘পাকিস্তান দলে বিশ্বমানের বোলার রয়েছে। সাঈদ আজমল, আফ্রিদি, গুল, রিয়াজ। তাঁদের বিপক্ষে খেলতে একদম ভয় কাজ করেনি। চেষ্টা করেছি প্রতিটি বল দেখে খেলতে। কে বল করছে, সেটা মোটেও ভাবনায় ছিল না।’
৩৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় খানিকটা চাপে পড়েছিলেন। তবে সে চাপ ফুৎ​কারে​ উড়িয়ে সাবলীল ব্যাটিং করলেন সাব্বির। ওই সময়ের গল্প শোনালেন এভাবে, ‘যখন উইকেটে গিয়েছিলাম, ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেদিকে না তাকিয়ে চেয়েছিলাম ইতিবাচক খেলতে। আমি যখন উইকেটে যাই, মুশফিক ভাই বললেন, উইকেট গেছে, সেদিকে তাকানোর দরকার নেই। এ কথাটা অনেক বড় ব্যাপার। অনেক সময় অনেক ব্যাটসম্যান আউট হয়ে গেলে বলেন, উইকেট ভালো না। মুশফিক ভাই আমাকে তা বলেননি। বরং ইতিবাচক কথা বলেছেন, যেটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
তবে নিজের ইনিংসটা মোটেও বড় করতে দেখতে রাজি নন সাব্বির। দলের সাফল্যই তাঁর সাফল্য। ‘বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেছে, এটাই বড় কথা। এক রান করেও দল জিতলে সেটাই বড় ব্যাপার। সেঞ্চুরি করে দল হারলে সে ইনিংসের মূল্য সামান্য। চেষ্টা করব, যখনই ব্যাট করতে নামি, কেবলই দলের জন্য কিছু করতে। চেষ্টা করবে এ পারফরম্যান্স ধারাবাহিক করতে’, বললেন ম্যাচসেরা এই ব্যাটসম্যান।
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরিটা এগিয়ে রাখবেন না কি এটিকে? বললেন, ‘যেকোনো ম্যাচেই আমি সিরিয়াসলি খেলার চেষ্টা করি। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল।’
বর্তমান দলের তরুণেরা দারুণ সাফল্য পাচ্ছে। এ জন্য সিনিয়র খেলোয়াড়দের উৎসাহ দেওয়াকে বড় করে দেখলেন সাব্বির। বললেন, ‘তরুণেরা যখন খেলতে শুরু করে সিনিয়র খেলোয়াড়দের সমর্থন দরকার হয়। মাশরাফি-মুশফিক ভাইয়েরা আমাদের অনেক সাহস-উৎসাহ দেন। দলে এ রকম সিনিয়র খেলোয়াড় থাকলে জুনিয়রদের আত্মবিশ্বাস এমনি বেড়ে যায়।’