কোনোক্রমে পাকিস্তানের রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল পাকিস্তান। ম্যাচ শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় তাই মিসবাহ-আফ্রিদিদের মুখেও স্বস্তির হাসি। কাল ব্রিসবেনে l রয়টার্স
এই বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল পাকিস্তান। ম্যাচ শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় তাই মিসবাহ-আফ্রিদিদের মুখেও স্বস্তির হাসি। কাল ব্রিসবেনে l রয়টার্স

দেশের টিকিট প্রায় কাটা হয়ে গিয়েছিল পাকিস্তানের। আর স্বপ্নের আকাশে ডানা মেলার অপেক্ষায় ছিল জিম্বাবুয়ে। অনেক নাটকীয়তা, উত্থান-পতন আর রোমাঞ্চ শেষে মাটিতে মুখ থুবড়ে ডানা ঝাপটাচ্ছে জিম্বাবুয়ের স্বপ্নপাখি। আর শেষের খুব কাছ থেকে কোনোরকমে বেঁচে গেছে পাকিস্তান। কালকেও হারলে কাগজে-কলমে সম্ভাবনা শেষ হতো না, তবে নির্ভর করতে হতো অনেক ‘যদি’ ‘কিন্তু’র ওপর। চার ম্যাচে এক জয়ে জিম্বাবুয়ের সম্ভাবনা শেষ বললেই চলে।
দুদলের নাম আর শক্তিতে যে ব্যবধান, কাল কখনো কখনো সেই ব্যবধান কমে হয়েছে এতটুকু। কখনো ব্যবধান নেমেছে সমতায়, কখনো বা আবার উল্টেও গেছে। কিন্তু অভিজ্ঞতায় পেরে না উঠে ম্যাচ শেষে জিম্বাবুয়ে থাকল প্রকৃত ব্যবধানে। গ্যাবায় শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছিল জিম্বাবুয়ে। ১ রানে ৪ উইকেট হারানোর স্মৃতি এখনো তরতাজা, কাল পাকিস্তানের ২ উইকেট নেই ৪ রানে! সেই ধাক্কায় থমকে গেল রানের গতি। ১০ ওভারে রান ১৪, ১৫ ওভারের ৩৩! দুটিই এই বিশ্বকাপের সর্বনিম্ন। প্রথম ১৫ ওভারে বাউন্ডারি ছিল দুটি।
ক্যারিয়ারে অজস্রবারের মতো সেই খাদ থেকে পাকিস্তানকে টেনে তুলেছেন মিসবাহ-উল-হক। ডট বলের পর ডট খেলেছেন শুরুতে, প্রথম বাউন্ডারি মারার আগে রান ছিল ৩৭ বলে ৭! ৯১ বলে ছুঁয়েছেন ফিফটি। যদিও যথারীতি কাজ শেষ করতে পারেননি কালও। সেখান থেকে পাকিস্তানকে লড়াকু স্কোর এনে দেওয়া আর সেই রানকে জয়ে রূপ দেওয়ার নায়ক এক বাঁ-ডানহাতি ক্রিকেটার!
তাঁর মূল পরিচয় বাঁহাতি পেসার। তবে কাল প্রসারিত ওয়াহাব রিয়াজের ডান হাতও। ব্যাট করেন ডান হাতে। ইউনিস খানকে বসিয়ে কাল পাকিস্তান খেলিয়েছে পেসার রাহাত আলীকে। ব্যাটসম্যান একজন ছিল এমনিতেই কম। মিসবাহর সঙ্গে যখন জুটি বাঁধলেন রিয়াজ, পাকিস্তান তখন ১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। দুজনের ৪৭ রানের জুটিতে দুই শ পার। রিয়াজের প্রথম ফিফটিতে দল ২৩০ ছাড়িয়ে। পরে বল হাতে ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিল না কেউ। তবে রিয়াজ মিডল ও লোয়ার মিডল অর্ডারের উইকেটগুলো নিয়েছেন হয়তো মোহাম্মদ ইরফান শুরুতেই জিম্বাবুয়েকে নাড়িয়ে দিয়েছিলেন বলেই। প্রথম স্পেলে ফিরিয়েছেন দুই ওপেনারকে, দ্বিতীয় স্পেলে জিম্বাবুয়ের নির্ভরতা হ্যামিল্টন মাসাকাদজাকে। শেষ স্পেলে বিপজ্জনক সলোমন মিরেকে।
ফিল্ডিংয়ে চোট পাওয়া চিগুম্বুরা পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করে জয়ের একটা সম্ভাবনা জাগিয়েছিলেন। শহীদ আফ্রিদির করা ৪৭তম ওভারে তিনাশে পানিয়াঙ্গারা মেডেন দেওয়ায় জয় চলে যায় দূরে। সেই দূরত্ব ঘোচাতে পারেননি চিগুম্বুরা। তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।