কোপটা পড়ল ভারতের ওপরই
পুরো ব্যাপারটা শুরু হয়েছিল অর্থ নিয়ে, শেষটাও হলো সেখানেই।
আইসিসির নতুন আর্থিক কাঠামো নিয়ে চলা নাটকটা পূর্ণতা পেয়েছে পরশু। প্রস্তাবিত নতুন আর্থিক ও পরিচালন কাঠামো নিয়ে প্রচণ্ড আপত্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভারতের আপত্তি ধোপে টেকেনি। ভোটাভুটিতে হেরে যাওয়ায় আগামী আট বছরে বিসিসিআইয়ের সম্ভাব্য আয় কমে গেছে ১৪৭ মিলিয়ন মার্কিন ডলার!
আগামী জুনে বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে সব সংস্কার প্রস্তাব। তার আগেই অবশ্য বলা যাচ্ছে না যে আর্থিক ক্ষতি হচ্ছে ভারতের। তবে এ নিয়ে আর ভোটাভুটি হওয়ার সুযোগ থাকছে না। নতুন আর্থিক কাঠামোয় বিসিসিআইয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯৩ মিলিয়ন ডলার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের জন্য বরাদ্দ ১৪৩ মিলিয়ন ডলার। জিম্বাবুয়ে পাচ্ছে সবচেয়ে কম, ৯৪ মিলিয়ন ডলার। অস্ট্রেলিয়াসহ বাকি সাতটি দলকে ১৩২ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আর সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ করা হচ্ছে ২৮০ মিলিয়ন!
অথচ ২০১৪ সালে ‘বিগ থ্রি’ প্রস্তাব অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাপ্তি ধরা হয়েছিল ৫৭০ মিলিয়ন ডলার (পরে অবশ্য সেটা ৪৪০ মিলিয়ন বলে জানা যায়)। ভারত তাই সংস্কার মানতে না চাওয়ায় আইসিসি মঙ্গলবার বিসিসিআইকে ৪০০ মিলিয়ন ডলারে সমঝোতা করার প্রস্তাব দিয়েছিল। শশাঙ্ক মনোহরের সে প্রস্তাব গ্রহণ করেনি বিসিসিআই। উল্টো প্রস্তাব দেয়, তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হোক আর অন্য বোর্ডগুলো নতুন আর্থিক কাঠামো অনুযায়ী অর্থ বুঝে নিক। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটি ভোটাভুটিতে গড়ানোয় বাড়তি ১০০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ হারিয়েছে ভারত। তবে ভারতের বাড়তি এই অর্থ পাওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন মনোহর।
পরিচালন কাঠামোর সংস্কার প্রস্তাব পাস হলেও আইসিসি বাদ দিয়েছে পূর্ণ সদস্য দলের সহযোগী সদস্যে অবনমিত হওয়ার ধারাটি। তবে সহযোগী সদস্যদের পূর্ণ সদস্য হওয়ার সুযোগ রাখা হয়েছে সংস্কার প্রস্তাবে। তবে সহযোগী সদস্যদের বাইরেও এত দিন ৫০টিরও বেশি দেশ আইসিসির এফিলিয়েট সদস্য হিসেবে যুক্ত ছিল। কিন্তু নতুন প্রস্তাবে পূর্ণাঙ্গ ও সহযোগীতেই সদস্যপদ সীমিত রাখছে আইসিসি। ক্রিকইনফো।