কোহলি আছে কি নেই, সে ভাবনা সাকিবের

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। বিরাট কোহলিদের বিশ্রামে পাঠিয়েছে ভারত। পেস বোলিং বিভাগকেও পুরোপুরি বিশ্রামে পাঠিয়ে নতুনদের সুযোগ দিচ্ছে তারা। ফলে ভারতের বিপক্ষে এ সিরিজ নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে দলকে। তিন বছর পর দলে ফেরা পেসার আল আমিন হোসেন অবশ্য প্রতিপক্ষ দল নিয়ে আপাতত ভাবতে রাজি নন। সিরিজের আগে নিজেদের গুছিয়ে নিতেই আগ্রহী আল আমিন।
বাংলাদেশের পেস আক্রমণ গত কিছুদিন খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবু তিন বছর আগে সর্বশেষ জাতীয় দলে খেলা আল আমিনকে মনে পড়ছিল ছিল নির্বাচকদের। ভারতের বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেনের অনুপস্থিতি আবারও ফিরিয়ে এনেছে তাঁকে। দলে ফিরে আপাতত জায়গা পাকা করার দিকেই নজর আল আমিনের। এত দিন যে দলে তাঁকে ডাকা হয়নি সে নিয়ে ভাবতে রাজি নন এই পেসার, ‘কষ্ট পাওয়ার তো কিছু নেই। কোনো জায়গাই চিরস্থায়ী নয়, কারণ আপনি জাতীয় দল বলেন বা এনসিএল বলেন আপনি যখন ভালো ফর্মে থাকবেন তখন খেলবেন আর যখন খারাপ ফর্মে থাকবেন তখন খেলবেন না। এটাই সত্য, জাতীয় দলে যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই যে আরেকটি সুযোগ আমাকে দিয়েছে। এখন দায়িত্ব আমার সুযোগটি কাজে লাগানোর।’
টেস্ট চ্যাম্পিয়নশিপকে বাড়তি গুরুত্ব দেওয়ায় দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ভারতের। এমনিতেই মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া বা যশপ্রীত বুমরা থাকছেন না সিরিজে। টি-টোয়েন্টিতে কোহলির সঙ্গে মূল পেস আক্রমণকেও বসিয়ে রাখছে ভারত। এতে বাংলাদেশ বাড়তি কোনো সুবিধা পাবে কি না এমন প্রশ্ন রাখা হয়েছিল আল আমিনের কাছে। এ পেসারের সোজাসাপ্টা জবাব, ‘এ নিয়ে চিন্তা করার দায়িত্ব তাঁর নয়, কোহলি খেলবে কিনা, কিংবা ভারত দলে কে খেলবে না খেলবে এগুলো নিয়ে ভাবনার জন্য আমাদের অধিনায়ক আছে, ম্যানেজমেন্ট আছে। তারা এ নিয়ে চিন্তা করবে। আমাকে একজন খেলোয়াড় হিসেবে সুযোগ দিলে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব।’