কোহলি-আনুশকার পাশে সৌরভ গাঙ্গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে উপস্থিত ছিলেন আনুশকা। ফাইল ছবি
গ্যালারিতে উপস্থিত ছিলেন আনুশকা। ফাইল ছবি

খেলাধুলায় একটা কথা বেশ প্রচলিত, সমর্থকদের স্মৃতি অনেকটা ‘গোল্ডফিশ মেমোরির’ মতো! সমর্থকদের কাছে বর্তমানটাই মুখ্য। অতীত হারিয়ে যায়। যুবরাজ সিংয়ের কথাই ধরা যাক। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি, হয়েছিলেন টুর্নামেন্ট সেরা, অথচ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ১১ রান করায় তাঁর বাড়িতে পড়ল ঢিল!

অনেকটা একই অবস্থা বিরাট কোহিলর বেলায়ও। ওয়ানডেতে কোহলি যে গতিতে ছুটছেন, অনেকের ধারণা, হয়তো এ সংস্করণে ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকেও। অথচ গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ বলে ১ রান ও দল শোচনীয়ভাবে হারায় সমর্থকেরা সব ক্ষোভ ঝাড়ছেন কোহলির ওপর! তার চেয়ে বড় বিষয় হচ্ছে, কোহলির নিদারুণ ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে আনুশকা শর্মাকে। গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে ছিলেন আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কারণে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে বলিউড অভিনেত্রীকে। ভারতজুড়ে কোহলি-আনুশকার ছবি-পোস্টার পোড়ানো হচ্ছে, তাঁদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে নানা স্লোগান।
এমন প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলি। সাবেক ভারতীয় অধিনায়কের প্রশ্ন, ‘আনুশকা কী ভুল করেছে? অন্য খেলোয়াড়দের পরিবারের মতো সে কেবল ম্যাচটা দেখতে গিয়েছিল। কোহলির পারফরম্যান্সের জন্য তাকে দায়ী করা অন্যায়। অপরিপক্ব মানসিকতা থেকে তাকে সমালোচনা করা হচ্ছে। যখন দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, এতে খারাপের কিছু নেই।’
কোহলি পাশে পাচ্ছেন বর্তমান অধিনায়ককেও। কোহলিকে ‘বলির পাঁঠা’ না করতে মহেন্দ্র সিং ধোনির অনুরোধ, ‘তিলকে তাল করার কী দরকার? ব্যাপারটা সহজভাবে নিন, সে শট খেলেছিল, কিন্তু কাজ হয়নি। এমনটা হয়। বহু ব্যাটসম্যানের বেলায় এমন হয়েছে।’
জনসনের বলটা ওভাবে খেলতে গেলেন কেন কোহলি-এমন প্রশ্নে ধোনির জবাব, ‘প্রতিপক্ষ ৩০০-এর বেশি রান তুলেছে। একই সঙ্গে তাদের মানসম্পন্ন বোলার রয়েছে। ওই সময় আপনাকে ঝুঁকি নিতেই হবে। যদি সেটা কাজে লেগেই যেত, তবে হয়তো সব বদলে যেত। সে একটা শট খেলেছিল, যেটা কাজে লাগেনি। ক্রিকেটে এমনটা হয়েই থাকে।’ তথ্যসূত্র: পিটিআই।