
সেদিন ভরদুপুরেও ইডেন গার্ডেনে নেমেছিল শ্মশানের নীরবতা। মাঠের কোনো কোনায় পিন পড়লেও বোধ হয় শোনা যেত তখন। একটু আগেই শোয়েব আখতার নামের প্রায় অচেনা এক বোলার যে উপড়ে দিয়েছেন শচীন টেন্ডুলকারের স্ট্যাম্প। টেস্ট ক্যারিয়ারে প্রথম ‘গোল্ডেন ডাক’ পেয়ে ফিরে যাচ্ছেন টেন্ডুলকার আর অন্যদিকে দুই পাশে হাত ছড়িয়ে উড়ছেন শোয়েব—ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর একটি। সেদিনই জন্ম নিয়েছিল আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এক দ্বৈরথের—টেন্ডুলকার বনাম শোয়েব।
সে লড়াইয়ে কখনো টেন্ডুলকার জিতেছেন, কখনো শোয়েব; কিন্তু আসলে তো জিতেছেন ক্রিকেটমোদীরা। আগুনে গতির রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের উল্টোদিকে ব্যাট করছেন ‘লিটল মাস্টার’—এমন দৃশ্য নিয়ে অনেকেই এখনো রোমান্টিসিজমে ভোগেন। শোয়েবও তাঁদের দলে। সে জন্যই হয়তো আমির-কোহলির মাঝেই খুঁজে নিচ্ছেন শোয়েব-টেন্ডুলকারকে।
চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচেই নতুন এই দ্বৈরথের প্রথম অঙ্কটি মঞ্চায়িত হলো। ভারতের প্রথম ৩ উইকেট নিয়ে প্রথমে আমির এগিয়ে গেলেও ৫১ বলে ৪৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন কোহলিই।
শোয়েব তাই এই দ্বৈরথ নিয়ে আশায় বুক বাঁধছেন, ‘শচীনের বিপক্ষে বোলিং করাটা ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ। শচীন ও আমার দ্বৈরথের মতোই জমবে বিরাট ও আমিরের এই লড়াই। দুজনই বিশ্বসেরাদের একজন। তারা একে অপরের বিপক্ষে খেলছে, মাঠে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’
কিছুদিনের মধ্যেই কিন্তু আবারও মুখোমুখি হতে যাচ্ছেন কোহলি-আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। ১৯ মার্চের সেই ম্যাচে এই দুজনকে মুখোমুখি দেখার তর সইছে না শোয়েবের, ‘বিরাট ভারতের সেরা ব্যাটসম্যান আর আমির পাকিস্তানের বোলিংয়ের ধার বাড়িয়ে দিয়েছে। এরা যখন পরস্পরের মুখোমুখি হবে, সেটি সবার জন্যই আনন্দদায়ক। আমিরকে এভাবে বল করতে দেখাটা অসাধারণ এক অনুভূতি। আর বিরাট তো এ যুগের সেরা ব্যাটসম্যান।’ পিটিআই