কোহলি এবার বোর্ড পরীক্ষার প্রশ্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিকে নিয়ে প্রশ্ন এসেছে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নে। ফাইল ছবি
কোহলিকে নিয়ে প্রশ্ন এসেছে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নে। ফাইল ছবি
>
  • কোহলিকে নিয়ে বোর্ড পরীক্ষার প্রশ্ন
  • দশম শ্রেণির ইংরেজি প্রশ্নে কোহলিকে নিয়ে রচনা লিখতে বলা হয়
  • ১০০ শব্দের মধ্যে এই রচনা লিখে আনন্দিত পরীক্ষার্থীরা
  • কোহলি এখন ভারতের জাতীয় আইকন

ভারতে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়েই অবাক। এমন প্রশ্ন আসবে, সেটা বোধ হয় তারা কেউই ভাবতে পারেনি। কত বাঘা বাঘা রচনা মুখস্থ করে তারা পরীক্ষা দিতে এসেছে আর পরীক্ষায় কিনা এসেছে বিরাট কোহলিকে নিয়ে রচনা! দারুণ আনন্দ নিয়েই তারা লিখেছে কোহলিকে নিয়ে।

ইতিমধ্যেই ভারতের জাতীয় বীরে পরিণত হয়েছেন কোহলি। তরুণ প্রজন্ম তাঁকে আদর্শ হিসেবেই মানে। তাঁর অদম্য অধ্যবসায়, পরিশ্রম করার ক্ষমতা, নেতৃত্বগুণ—সবই তো তরুণ প্রজন্মের জন্য আদর্শ। ক্রিকেটীয় প্রতিভায় তো কোহলি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতাতেই। গোটা ভারতজুড়ে তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গস্পর্শীই।

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় কোহলির ওপর যে রচনাটা লিখতে দেওয়া হয়েছিল, সেটার পূর্ণমান ১০। তাঁর জীবনের বিভিন্ন তথ্যাবলি তুলে দিয়ে পরীক্ষার্থীদের বলা হয়েছিল ১০০ শব্দের মধ্যে তাঁকে নিয়ে কিছু লেখার। তারা দারুণ আনন্দ নিয়েই প্রিয় ক্রিকেটারের সম্পর্কে রচনাটা লিখেছে।

কোহলিকে নিয়ে রচনা লিখে পরীক্ষার্থীদের আনন্দের মাত্রাটা তুলে ধরেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি। সব পরীক্ষার্থীই জানিয়েছে কোহলি সম্পর্কে লিখে দারুণ আনন্দিত তারা। পুরো ব্যাপারটিই তাদের সামনে এসেছে চমক হিসেবে।

মুর্শিদাবাদের নবীপুর সরলাবালা হাই স্কুলের শামীম আখতার দারুণ আনন্দিত তাঁর ‘আইডল’কে নিয়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় লিখতে পেরে, ‘আমরা এই প্রশ্নের উত্তর লিখেছি আনন্দ নিয়ে। সত্যিই এমন প্রশ্ন আসবে—সেটা কখনোই ভাবিনি।’

কলকাতার বলরাম গার্লস হাইস্কুলের ইশা শও আনন্দিত কোহলির মাপের এক ব্যক্তিত্ব সম্পর্কে লিখে, ‘কোহলির মাপের একজন ব্যক্তিত্বকে নিয়ে লেখাটা সব সময়ই তৃপ্তিদায়ক। সে তো সবাই আদর্শ।’