কোহলি, কেইন ও বাবর কেন আলাদা, জানালেন রশিদ

জো রুট, কেইন উইলিয়ামসন, বিরাট কোহলি।এএফপি ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রজন্মের সেরা ব্যাটসম্যান কে—এ প্রশ্নের উত্তরে নানা মুনির নানা মত। তবে ঘুরেফিরে পাঁচজনের নামই উঠে আসে। ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের জো রুট।

গত কিছুদিন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্মিথ ও রুট পিছিয়ে পড়েছেন। তাই সেরার আলোচনায় ইদানীং উইলিয়ামসন, বাবর ও কোহলির নামই তোলা হয় বেশি। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের চোখেও বর্তমানের সেরা তিন ব্যাটসম্যান এই তিনজন। আর কীভাবে এ তিনজন অন্যদের চেয়ে এগিয়ে গেছেন, সে ব্যাখ্যাও আছে রশিদের কাছে।

পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলার জন্য কাউন্টিতে খেলার সুযোগ পেয়েও সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন রশিদ। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই স্পিনার আগামী পরশু ১৭ জুন মুখোমুখি হবে বাবর আজমের করাচি কিংসের। সে ম্যাচে দুই দলের মধ্যে বিজয়ী নির্ধারিত হয়ে যেতে পারে বাবর-রশিদ দ্বৈরথেই। বাবরের মুখোমুখি হওয়ার আগে তাঁকে নিয়ে কথা বলেছেন ক্রিকেট পাকিস্তানের সঙ্গে। আর সে সুবাদেই এল অন্যদের সঙ্গে তুলনাটা।

বর্তমানের সেরা তিন ব্যাটসম্যান ছাড়াও কোহলি, কেইন ও বাবরের মধ্যে আরেকটি মিল আছে। তিনজনই নিজ নিজ দেশের অধিনায়ক। ১৭ জুন রশিদ মুখোমুখি হচ্ছেন বাবরের। ওদিকে কেইন ও কোহলি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবেন লর্ডসে। তবে ক্রিকেট পাকিস্তানের আগ্রহটা বাবরকে ঘিরেই। তারা প্রশ্ন রেখেছিল, কোহলি ও কেইনের তুলনায় বাবরকে কেমন মনে হয় তাঁর। উত্তরে কারও মধ্যে তুলনা টানতে চাননি রশিদ।

রশিদ খান।
ছবি: সংগৃহীত

তবে নিজের চোখে সেরা কে, সেটা কৌশলে জানিয়ে দিয়েছেন সবার আগে তাঁর নাম নিয়ে। সে সঙ্গে এটাও বলেছেন, কেন এই তিনজন সময়ের সেরা, কেন তাঁরা অন্যদের চেয়ে এত এগিয়ে, ‘এ তিনজনের মধ্যে তুলনা টানা খুব কঠিন। কিন্তু কোনো সন্দেহ নেই, বিরাট বিশ্বমানের খেলোয়াড়। কেন উইলিয়ামসন ও বাবর আজমরাও ওই পর্যায়ের। তাঁরা নিজেদের সীমাবদ্ধতা কী, সেটা জানে এবং যে শট পারে সেটাই খেলে। তাঁদের ইনিংস শুরু এবং ইনিংস শেষ করার প্রতিক্রিয়া একদম স্বচ্ছ।’

বাবর আজম।
ছবি: টুইটার

আপাতত উইলিয়ামসন ও কোহলিকে নিয়ে না ভাবলেও চলছে রশিদের। পাকিস্তান সুপার লিগে তাঁর সামনে এখন বাবর। সেখানে পাকিস্তান ও করাচির অধিনায়ককে কীভাবে আটকাবেন, সে ব্যাপারে বলেছেন, ‘কোনো সন্দেহ নেই বাবর বিশ্বমানের ব্যাটসম্যান। কিন্তু বোলার হিসেবে আমি সব সময় নিজের শক্তির দিকে মনোযোগ দিই। বোলার হিসেবে কোন ব্যাটসম্যানকে বল করছি, তাঁর শক্তি ও দুর্বলতার দিকটা নিয়ে কাজ করতে হয়। কিন্তু একই সময়ে, নিজের সামর্থ্যে আস্থা রাখাও জরুরি। ভালো লাইন ও লেংথে বোলিং করাটাও। আমি যদি সেটা করতে পারি, তাহলে ব্যাটসম্যান যে–ই হোক, আমি ভালো ফল পাবই। পরিকল্পনা করার জন্য তাঁদের ব্যাটিংয়ের ভিডিও দেখি, কিন্তু নিজের ক্ষমতায় আস্থা রাখি আমি।’