কোহলি কেন দর্শকদের ‘চুপ’ থাকতে বলেছিলেন

দর্শকদের মুখোমুখি কোহলিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত অধিনায়কের উদ্‌যাপনে আবেগের একটু মাখামাখি বেশির ভাগ সময়েই থাকে। কখনো কখনো তা মাত্রা ছাড়িয়ে যায়। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। আর ভারতের প্রতিপক্ষ দলের সমর্থক হলে তো কথাই নেই, কোহলির উদ্‌যাপন তাঁদের কাছে অনেক সময়ই বিরক্তিকর। উদ্‌যাপনের বাইরেও অনেক সময় নানা অঙ্গভঙ্গিতে নিজের মনের কথাটা জানিয়ে দেন কোহলি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলির এক অঙ্গভঙ্গি এসেছে আলোচনায়। সেদিন দর্শকদের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চুপ থাকতে বলেছিলেন ভারত অধিনায়ক। কেন এমন করেছিলেন কোহলি, সেটির ব্যাখ্যা এবার জানা গেল ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নিল ওয়াগনারের কাছ থেকে।

দর্শকেরা ‘জম্বি’ গানটি গেয়েছিল কোহলিকে উদ্দেশ করে?
ছবি: এএফপি

ওয়াগনার যা জানাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে, কোহলির অমন অঙ্গভঙ্গির নেপথ্যে জড়িয়ে সাউদাম্পটনে টেস্টটা দেখতে আসা ইংলিশ দর্শক। মাঠে নিজেদের উপস্থিতি জানান দেওয়ায় ইংলিশ দর্শকের জুড়ি নেই। যাঁকে পছন্দ হবে, তাঁকে সমর্থন দেবেন। আর যে খেলোয়াড়কে খোঁচাতে ইচ্ছা করবে, মাঠে তাঁর সময়টাকে বিষিয়ে তুলতেও ইংলিশ দর্শক জুড়িহীন। সাউদাম্পটনে কোহলিকেও তেমনি খোঁচাতে ইচ্ছা হলো দর্শকদের একটা অংশের।

নিউজিল্যান্ড ক্রিকেট আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াগনার তা-ই বললেন। মূলত আইরিশ ব্যান্ড ক্র্যানবেরিসের একটা গানের কথার সঙ্গে কোহলির নাম জড়িয়েই ভারত অধিনায়ককে খোঁচাতে থাকেন দর্শক। ক্র্যানবেরিস ব্যান্ডের বিখ্যাত গান ‘জম্বি’-র একটা কথা আছে, ‘ইন ইওর হেড, ইন ইওর হেড, জম্বি, জম্বি-ই-ই।’ ওয়াগনার সংবাদ সম্মেলনে জানালেন, ওই গানের কথায় ‘জম্বি’র জায়গায় ‘কোহলি’ বসিয়ে গাইতে থাকেন কিছু দর্শক।

অনেক সময় অঙ্গভঙ্গি দিয়ে নিজের মনের ভাবটা প্রকাশ করে ফেলেন কোহলি
ছবি: এএফপি

‘হ্যাঁ, দর্শকেরা জম্বি গানটা গাইতে শুরু করেছিলেন। তাঁরা গাইছিলেন, ‘‘ইন ইওর হেড, ইন ইওর হেড, কোহলি, কোহলি।’’ তাঁরা আসলে কোহলিকে বিরক্ত করার চেষ্টা করছিলেন। কোহলিও সেটির জবাব দিয়ে গেছে। মুখে আঙুল দিয়ে তাঁদের চুপ থাকতে বলেছে’—সংবাদ সম্মেলনে বলেছেন ওয়াগনার।

কোহলির বাইরে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ের জন্যও একটা গান সাউদাম্পটনের দর্শক বেঁধেছিলেন বলে জানালেন ওয়াগনার। তবে সেই গানের উদ্দেশ্য ছিল ভিন্ন, ‘ডেভন কনওয়ের জন্যও একটা গান গেয়েছিলেন দর্শক। তবে সেটি ছিল সমর্থন বোঝাতে।’

তবে শুধু দর্শকই যে ‘জম্বি’ গানটা নিয়ে মজা করেছেন, তা-ই নয়। ওয়াগনার জানালেন, নিউজিল্যান্ড দলের উদ্‌যাপনেও বেশ ভালোভাবে ছিল ক্র্যানবেরিস ব্যান্ডের গানটা। ‘ড্রেসিংরুমে, এমনকি প্লেনেও, আমরা হঠাৎই গানটা গাইতে শুরু করি। যতটুকু মনে পড়ে টিম সাউদি ওর ফোন বের করেছিল, জম্বি গানটা চালিয়ে দিয়েছিল। সবাই তখন হাসিতে ফেটে পড়ে, এরপর সবাই একসঙ্গে গাইতেও শুরু করে’—সংবাদ সম্মেলনে মজার স্মৃতিটা ভাগাভাগি করলেন ওয়াগনার।

কোহলিকে বিরক্ত করার চেষ্টা করছিলেন দর্শকেরা, কোহলি বিরক্ত হয়েছেনও।
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট পেয়েছেন ওয়াগনার। প্রথম ইনিংসে দুটি, দ্বিতীয় ইনিংসে একটি। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর উইকেটটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করেছে। রবীন্দ্র জাদেজাকে আউট করে সেদিন ভারতের লোয়ার অর্ডারের মুখ খুলে দিয়েছিলেন ওয়াগনার। তারপর বাকি কাজটা ওয়াগনারের সতীর্থ ফাস্ট বোলাররাই করেছেন! ৮ উইকেটে ম্যাচটা জিতে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে নিয়ে ফিরেছে নিউজিল্যান্ড।