কোহলি জেতালেন ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬তম ওয়ানডের সেঞ্চুরির পথে কোহলি l এএফপি
২৬তম ওয়ানডের সেঞ্চুরির পথে কোহলি l এএফপি

আর ১২ দিন পর ২৮তম জন্মদিন। কালই নিজেকে জন্মদিনের আগাম উপহার দিয়ে দিলেন কোহলি। পরে ব্যাট করে দুর্দান্ত এক সেঞ্চুরিতে আরও একবার ভারতকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তৃতীয় ওয়ানডেতে ১০ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত, সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
কয়েক বছর ধরে সেই পরিচিত চিত্রনাট্য আরও একবার কাল মঞ্চায়িত হলো মোহালিতে। বড় স্কোর তাড়া করে ৪১ রানে ভারতের ২ উইকেট নেই, এরপর হাল ধরলেন কোহলি-ধোনি। দুজনের ১৫১ রানের জুটিতেই ম্যাচটা প্রায় পকেটে পুরে ফেলে ভারত। ধোনি অবশ্য ৮০ রান করে আউট হয়ে গেছেন। তবে তার আগেই স্যান্টনারকে প্রথম ছয়টি মেরে ওয়ানডেতে ৯ হাজার রান পূর্ণ করেছেন। পরে আরেকটি ছয়ে ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন। তবে কোহলি দলকে জিতিয়েই ফিরেছেন। ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫৪ রানে।
তবে নিউজিল্যান্ড যে ২৮৫ রান করতে পারবে, সেটাই একসময় অসম্ভব মনে হচ্ছিল। ১৯৯ রানে পড়ে গিয়েছিল ৮ উইকেট। সেখান থেকে ম্যাট হেনরি ও জিমি নিশামের ৮৪ রানের জুটিই তাদের নিয়ে যায় অত দূর। কে জানত, কোহলির জন্য ওই ‘বিরাট’ স্কোরটাই অল্প হয়ে যাবে! ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৪৯.৪ ওভারে ২৮৫ (ল্যাথাম ৬১, নিশাম ৫৭, টেলর ৪৪, হেনরি ৩৯*; কেদার যাদব ৩/২৯, উমেশ যাদব ৩/৭৫)। ভারত: ৪৮.২ ওভারে ২৮৯/৩ (কোহলি ১৫৪*, ধোনি ৮০, পান্ডে ২৮*; হেনরি ২/৫৬)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।