কোহলি-টেন্ডুলকার তুলনায় এখনই যাবেন না সৌরভ

চার বছর আগে শচীন টেন্ডুলকার যখন নিজের ২৪ বছরের ক্যারিয়ারের শেষ করলেন, তখন রেকর্ড বইয়ের সব জায়গায় তিনিই। ক্রিকেটের সম্ভব-অসম্ভব প্রায় সব রেকর্ডই তাঁর দখলে। অদূর ভবিষ্যতে সেই রেকর্ডগুলো কেউ ভাঙবেন—এমন ভাবনাও আসেনি কারও মধ্যে। কিন্তু কী আশ্চর্য! বছর কয়েক যেতে না যেতেই টেন্ডুলকারের অনেক রেকর্ডই হুমকির মুখে! টেন্ডুলকারের রেকর্ডগুলো দখলে নেওয়ার মতো অবস্থা করে ফেলেছেন তাঁর দেশেরই এক তরুণ—বিরাট কোহলি।
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ২৯ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান রেকর্ড বইয়ে কাটাছেঁড়াটা ভালোই করছেন। অনেকেই ভাবছেন, তিনি ছাড়িয়ে যাবেন টেন্ডুলকারকেও। তবে সৌরভ গাঙ্গুলীর মতে, এখনো অনেকটা পথই পাড়ি দেওয়ার বাকি ভারত অধিনায়কের।
টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনাটা একটু রয়েসয়ে করতে চান ভারতের অন্যতম সফল এই দলপতি। টেন্ডুলকারের ওপেনিং-সঙ্গী হিসেবে ‘লিটল মাস্টারে’র ব্যাটিংটা খুব কাছে থেকে দেখেছেন তিনি। অনেকেই তো সীমিত ওভারের ক্রিকেটে টেন্ডুলকার-সৌরভ জুটিকে সর্বকালের অন্যতম সেরাদের তালিকায় ফেলেছেন। সে কারণেই হয়তো সৌরভের মনে হচ্ছে, টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনাটা বড্ড জলদি শুরু হয়ে গেছে, ‘খুব জলদিই শচীনের সঙ্গে তার তুলনা করা হচ্ছে। ওকে আরও ৫০টা সেঞ্চুরি করতে হবে। কিন্তু যেভাবে এগোচ্ছে, সে আরও অনেক সেঞ্চুরি করবে।’
কলকাতা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন কোহলি; যেটা ইডেনে তাঁর প্রথম সেঞ্চুরি। এই ইনিংস দিয়েই ৫০তম আন্তর্জাতিক সেঞ্চুরি করা হয়ে গেল কোহলির। চার দিনে ধরে পিছিয়ে থাকা টেস্টও প্রায় জিতে নিয়েছিল কোহলির দল। চতুর্থ ইনিংসে মাত্র ৭৫ রানেই শ্রীলঙ্কার ৭ উইকেট তুলে নিয়েছিল স্বাগতিকেরা। পরে আলোকস্বল্পতায় ‘বেঁচে যায়’ লঙ্কানরা।
ইতিহাসে মাত্র আটজন ব্যাটসম্যানের ক্যারিয়ারে ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। ভারতীয়দের মধ্যে প্রথম এই মাইলফলক অর্জন করেছিলেন শচীন টেন্ডুলকার, দ্বিতীয় কোহলি। টেন্ডুলকারের খেলোয়াড়ি জীবনেও ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের সঙ্গে তাঁর তুলনা হয়েছে। কিন্তু ক্যারিয়ার শেষে ইতিহাসে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’। ‘প্রিন্স অব ক্যালকাটা’ তাই এখনো সাবধানী, কোহলিকে নিজের মতো করেই এগোতে দিতে চান। টেন্ডুলকারের সঙ্গে তুলনা করে অযথা চাপ সৃষ্টি করার কী দরকার? সূত্র: জি নিউজ।