কোহলি-ডি ভিলিয়ার্সকে ছাপিয়ে স্যামসন

ছোট সীমানা। দুই দলে থাকা নামগুলোও লোভনীয়—জস বাটলার, বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম, কুইন্টন ডি কক, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স! ঝড় তো ঝড়, টর্নেডো বয়ে যাওয়ার কথা। কিন্তু সে টর্নেডো তুলতে পারলেন না এঁদের কেউ, সেটা এল সঞ্জু স্যামসন হয়ে। স্যামসনের ৯২ রানের অসাধারণ এক ইনিংসে ২১৭ রানের পাহাড় গড়েছিল রাজস্থান রয়্যালস। স্যামসনের জবাব দিতে পারেননি কোহলি কিংবা ডি ভিলিয়ার্স। ১৯ রানের হার আটকানোও তাই সম্ভব হয়নি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
স্টিভ স্মিথকে ছাড়াই এবারের আইপিএল খেলতে হচ্ছে রাজস্থানকে। প্রথম দুই ম্যাচে শুরুটা একদমই ভালো হয়নি। আজ ভালোই করেছেন অজিঙ্কা রাহানে। কিন্তু তাঁর ২০ বলে ৩৬ রান বৃথা যেতে বসেছিল অপর প্রান্তে থাকা ডি’আর্চি শর্টের সুবাদে (১৭ বলে ১১ রান)। পাওয়ার প্লে শেষ হতে না হতে দুই ওপেনার ফিরে গেলেন, রানের চাকাটাও প্রায় থেমে গেল রাজস্থানের। প্রথম ১০ ওভারে এল ৭৬ রান।
স্মিথের অনুপস্থিতিতে দলের ঝড় তোলার দায়িত্বটা বেন স্টোকস ও জস বাটলারকে দিয়েছে রাজস্থান। কিন্তু এ দুজনকে দর্শক বানিয়ে ছক্কা মারার উৎসবে নামলেন স্যামসন। স্টোকসের আরেকবার হতাশ (২১ বলে ২৭) করা কিংবা বাটলারের আরও একবার ব্যর্থতাও (১৪ বলে ২১) তাই বাধা হলো না রাজস্থানের। অন্য প্রান্তে এ ইচ্ছে হলেই বল সীমানাছাড়া করেছেন স্যামসন। মাত্র ২টি চার মেরেছেন কিন্তু কোহলিদের আত্মবিশ্বাস দুমড়ে-মুচড়ে দিতে মেরেছেন দশ ছক্কা। উমেশ যাদবের শেষ ওভারেই এসেছে ২৭ রান।
ইনিংসের শেষ বলে যখন সিঙ্গেল নিচ্ছেন, স্যামসন নামের পাশে তখন ৯২—মাত্র ৪৫ বল খেলেই। স্যামসনের এমন রুদ্রমূর্তিতেই ইনিংসের দ্বিতীয় ভাগে ১৪১ রান তুলেছে রাজস্থান।
তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিরে গেছেন ম্যাককালাম। এ ম্যাচের আগেই কেন খেলছেন-প্রশ্ন উঠে গিয়েছিল, আজ যেভাবে আউট হয়েছেন, তাতে পরের ম্যাচে তাঁকে একাদশে দেখলে বিস্মিত হতেই হবে। ডি কককে নিয়ে তবু জুটির উড়ন্ত সূচনা করেছিলেন কোহলি। ষষ্ঠ ওভারেই পঞ্চাশ পেরিয়েছে বেঙ্গালুরু। ২৬ রান করে ডি কক ফিরলেও বেঙ্গালুরু চিন্তায় পড়েনি। কোহলি যখন দারুণ ফর্মে।
২৬ বলেই ফিফটি ছোঁয়া কোহলি ৫৭ রানে ফেরার পরই ধস নামল। আগের ম্যাচ জেতানো ডি ভিলিয়ার্স আজ ফিরেছেন মাত্র ২০ রানে। মনদ্বীপ সিং (২৫ বলে ৪৭) ও ওয়াশিংটন সুন্দর (১৯ বলে ৩৫) বহু চেষ্টা করেও দলকে দুই শ (১৯৮) পার করাতে পারেননি। কোহলিরাও এদিন ছায়ার আড়ালে রইলেন স্যামসন নামের এক তরুণের।