কোহলি থেকে শিক্ষা নিয়েই হারালেন ভারতকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে ভারতকে জ্বালিয়েছেন, তবে ব্যাট হাতেই ভারতকে ধাক্কা দিয়েছেন কারেন। ছবি: এএফপি
বল হাতে ভারতকে জ্বালিয়েছেন, তবে ব্যাট হাতেই ভারতকে ধাক্কা দিয়েছেন কারেন। ছবি: এএফপি

এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ম্যাচ ঘুরে গেছে একটি মুহূর্তেই। বেন স্টোকসের বলে যখন আউট হয়ে গেলেন বিরাট কোহলি। এরপরই আসলে ভারতের সব লড়াই শেষ হয়ে গেছে। সে হিসেবে ম্যাচের নায়ক তো এই অলরাউন্ডার। কিন্তু ম্যাচ সেরার পুরস্কার গেছে ইংলিশ অন্য অলরাউন্ডারের কাছে। কারণ, ২০ বছর বয়সী স্যাম কারেনই আসলে ইংল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তৃতীয় দিনে।

মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন। তাই ম্যাচ সেরার পুরস্কার পেয়েও বিশ্বাস হচ্ছিল না কারেনের, ‘আমি এখনো এটা নিতে পারছি না। এটা বিশেষ কিছু, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। গত রাতে ঘুমাতে পারিনি, আশা করি আজ (গতকাল) ভালো ঘুম হবে।’ তাঁর বিশ্বাস না হলেও নিজেকে চেনাতে সময় নেননি কারেন। দ্বিতীয় দিনে তাঁর এক স্পেলেই ৩ উইকেট হারিয়েছে ভারত। ৭৪ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে অনভিজ্ঞ কারেনই নেতৃত্ব দিয়েছেন ইংলিশ আক্রমণের।

তবে এই অলরাউন্ডার ম্যাচে আসল ভূমিকা রেখেছেন ব্যাট হাতে। দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনেছেন কারেন। ৬৫ বলে এই ব্যাটসম্যানের ৬৩ রানেই ১৮০ তুলেছিল স্বাগতিক দল। মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা এক অলরাউন্ডার, যার বোলার সত্তাই অগ্রাধিকার পায়, সেই কারেন কীভাবে এমন ইনিংস খেললেন? ১৬ বছর বয়সে প্রথম শ্রেণিতে অভিষিক্ত কারেন জানালেন প্রতিপক্ষ অধিনায়কই অনুপ্রেরণা জুগিয়েছেন, ‘সত্যি বলি, আমি বিরাটের প্রথম ইনিংস দেখে কিছু শেখার চেষ্টা করেছি। বিশেষ করে টেল এন্ডারদের নিয়ে যেভাবে ব্যাটিং করেছেন সেটা। তবে কয়েক দিন আগে হোটেলে কুমারের (সাঙ্গাকারা) সঙ্গেও কথা হয়েছিল। সেও টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করা নিয়ে কিছু বলেছিল। এর কিছু কাজে লেগেছে এবং আমি ভাগ্যিস কিছু রানও পেয়েছি।’

অধিনায়ক জো রুট কারেনের কাছে তাই কৃতজ্ঞ। ৬৩ রানের ইনিংসটা না হলে যে ঐতিহাসিক ১০০০তম টেস্টের এমন মুহূর্ত হার দিয়ে মনে রাখতে হতো, ‘সে দারুণ এক ম্যাচ খেলেছে, দারুণ প্রতিভা দেখিয়েছে। কোনো চাপে আছে সেটা বোঝাই যায়নি। উপলক্ষটা উপভোগ করেছে, মনে হচ্ছিল যেন দলে দুজন বেন স্টোকস আছে, যা দলের জন্য খুবই ভালো। তবে মাত্র দ্বিতীয় টেস্ট, এখনই আবেগতাড়িত (প্রশংসা করায়) হওয়া ঠিক হবে না।’

ওদিকে যার সঙ্গে তুলনা হচ্ছে সেই স্টোকস নিজেও মুগ্ধ কারেনের ব্যাটিংয়ে। দ্বিতীয় ইনিংসে নিজের বোলিং নয়, কারেনের ব্যাটিংকেই ম্যাচ ঘুড়িয়ে দেওয়া বলে মানছেন স্টোকস, ‘আমার মনে হচ্ছিল লিড খুব কম হবে। কিন্তু স্যাম ওদের ম্যাচ থেকে বের করে দিয়েছে। এত কম বয়সে ও যেভাবে খেলেছে! এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’