কোহলি না টেন্ডুলকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তিন বছর আগে এ কথাটি কেউ উচ্চারণ করার সাহসও পেত না। ২০১৩, ১৬ নভেম্বরের সেই বিকেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন শচীন টেন্ডুলকার। অনেকের মতেই সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজের নামটা লিখিয়ে নেওয়ার পর। এই ধরাধামে আর কোনো ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের চেয়ে ভালো, এমনটা বলার চিন্তা মাথায় আসাও অসম্ভব মনে হতো তখন। কিন্তু সে অচিন্তনীয় বিষয়টিই এখন শোনা যাচ্ছে। আড়ালে-আবডালে, চায়ের আড্ডায় প্রশ্ন উঠছে—বিরাট কোহলি কি ছাড়িয়ে যাচ্ছেন টেন্ডুলকারকে?
বছর দুয়েক ধরে ভারত অধিনায়ক যে ফর্মে আছেন, তাতে এ প্রশ্ন উঠছেই। ১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ১২২ রানের ইনিংসটি আবার প্রশ্নটি তুলল। সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়ের কাছেই এ প্রশ্ন রাখা হয়েছে—কে সেরা? এ ধরনের প্রশ্নে সরাসরি একজনকে বেছে নিতে চান না অনেকেই। তবে মোহাম্মদ ইউসুফ কূটনৈতিক পথে হাঁটেননি। সাবেক পাকিস্তানি ব্যাটসম্যানের কাছে সেরা একজনই, ‘কোহলির অর্জনকে খাটো করছি না, সে অসাধারণ প্রতিভা। কিন্তু আমি টেন্ডুলকারকেই সেরা বলব, যে যুগে সে খেলেছে সেটার জন্য। সেরা দল, সেরা ফাস্ট বোলার ও সেরা স্পিনার। আমার মনে হয় না কোহলি সে মানের বোলার বা প্রতিপক্ষ পাচ্ছে।’

দুই যুগের দুজন খেলোয়াড়কে তুলনা করা সব সময়ই কঠিন। ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন দল, ভিন্ন পরিস্থিতি—সবকিছু মিলিয়েই প্রায় অসম্ভব এক কাজ। আর মোহাম্মদ ইউসুফের এ যুক্তির সঙ্গে অনেকেই হয়তো একমত হতে চাইবেন, ৯০-এর দশকের সে প্রতিদ্বন্দ্বিতা, কন্ডিশনের ভিন্নতা আর ভয়ংকর সব বোলিং আক্রমণ হয়তো আর কখনোই দেখা যাবে না। এ কারণেই টেন্ডুলকারের চেয়ে কোহলিকে পিছিয়ে রাখতে চাইছেন ইউসুফ। তা ছাড়া প্রায় দুই যুগ ধরে বিস্তৃত ছিল যাঁর ক্যারিয়ার, সেই টেন্ডুলকারের সঙ্গে এখনই কোহলির তুলনা করাটা বোকামিই। তবু তো প্রশ্ন ওঠে ক্যারিয়ারের এ পর্যায়ে কে সেরা ছিলেন?

পরিসংখ্যান ছাড়া এ প্রশ্নের উত্তর দেওয়ার আসলেই কোনো উপায় নেই। দেখাই যাক পরিসংখ্যান কী বলে—

দুই যুগ লম্বা ক্যারিয়ারে ২২০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে খেলেছেন ‘লিটল মাস্টার’। টেস্ট ও ওয়ানডেতে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক টেন্ডুলকারই। টেস্টে ৫৩.৭৮ গড়ে তাঁর ১৫৯২১ রান কিংবা ৪৪.৮৩ গড়ে ১৮৪২৬টি ওয়ানডে রানের রেকর্ড কেউ ছুঁতে চাইলে একজন ব্যাটসম্যানকে শুধু অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে। সে তুলনায় কোহলি পিছিয়ে আছেন অনেক! ওয়ানডেতে রানটা এখনো ৮ হাজার (৭৬৯২) পেরোয়নি, টেস্টে রান ৪ হাজারের একটু ওপরে (৪২০৯)।

দুজনকে এক পাল্লায় মাপতে তাই নিক্তিটা সমান করতে হচ্ছে। এ পর্যন্ত ১৭৭টি ওয়ানডে ও ৫৩টি টেস্ট খেলেছেন কোহলি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে টেন্ডুলকারের ওয়ানডেতে ছিল ৬০৫১ রান আর টেস্টে ৩৬১৭ রান। দুই সংস্করণেই এগিয়ে আছেন কোহলি। তবে ৫৩ টেস্টে টেন্ডুলকার মাত্র ৮০ ইনিংসে ব্যাট করেছেন (কোহলি ৯০)। ইনিংসের সংখ্যা ৯০ ধরলে এগিয়ে থাকবেন টেন্ডুলকার—৪৩৪৪ রান। সেঞ্চুরির সংখ্যায় সমতা, ১৫টি। ফিফটিতে এগিয়ে টেন্ডুলকার ১৯টি (কোহলির ১৪)।

তবে ওয়ানডেতে পূর্বসূরির চেয়ে এগিয়ে আছেন কোহলি। দুই ইনিংস কম ব্যাট করেও দেড় হাজারেরও বেশি রান। সেঞ্চুরির সংখ্যায় তো টেন্ডুলকারের (১২টি) চেয়ে অনেক অনেক এগিয়ে কোহলি (২৭টি)। ফিফটি অবশ্য কোহলির চেয়ে একটি বেশি টেন্ডুলকারের (৩৯)। ক্যারিয়ারের শুরুতে অনেক নিচে ব্যাট করায়, সেঞ্চুরিতে অবশ্য পিছিয়েই থাকার কথা ছিল টেন্ডুলকারের। প্রথম সেঞ্চুরির জন্যই তো পাঁচ বছর ও ৭৯টি ম্যাচ অপেক্ষা করতে হয়েছে তাঁকে। কিন্তু ক্যারিয়ার যত লম্বা হয়েছে রানের ক্ষুধা তত বেড়েছে টেন্ডুলকারের, পরিসংখ্যানটাও ফুলেফেঁপে উঠেছে।

কোহলি পিছিয়ে আছেন আরেকটি বিষয়ে, বয়স। ২৮ বছর বয়সে এসে ১৭৭তম ওয়ানডে ও ৫৩টি টেস্ট খেলেছেন কোহলি। টেন্ডুলকারের এ সংখ্যা ছুঁতে সময় লেগেছে উত্তরসূরির তুলনায় তিন বছর কম। আর তাই টেন্ডুলকারের রেকর্ড ছুঁতে বা ২০০ টেস্ট খেলতে চাওয়ার পথে কোহলির সবচেয়ে বড় বাধা বয়স। ওয়ানডেতে তবু শুরুটা আগেই করতে পেরেছেন। কিন্তু রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও টেন্ডুলকার-সমৃদ্ধ ভারতীয় মিডল অর্ডারে টেস্ট অভিষেক হতে হতেই ২৩ বছর পেরিয়ে গেছে কোহলির। আর টেন্ডুলকারের অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সে!

দৌড়টা তাই অনেক অনেক পিছিয়েই শুরু করেছেন কোহলি। সে তুলনায় দ্রুতই ছুটছেন, তবু টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে চাইলে ক্যারিয়ারের বাকি সময়টাতেও এই গতিটা ধরে রাখতে হবে তাঁকে। সে ক্ষেত্রে হয়তো সেরার প্রশ্নে অন্য কোনো নাম বলতে হতে পারে মোহাম্মদ ইউসুফকে। তথ্যসূত্র: পিটিআই।

তাঁরা দুজন

১৭৭ ওয়ানডের পর

টেন্ডুলকার                               কোহলি

৬০৫১                 রান               ৭৬৯২

১৩৭                 সর্বোচ্চ             ১৮৩

৩৯.০৩               গড়              ৫৩.৪১

৮৩.১৮           স্ট্রাইক রেট          ৯০.৭৫

১২                    ১০০                ২৭

৩৯                    ৫০                ৩৮

৫৩ টেস্টের পর

৮০                  ইনিংস               ৯০

৩৬১৭                 রান               ৪২০৯

১৭৯                 সর্বোচ্চ             ২৩৫         

৫০.২৩               গড়              ৫০.১০

১১                     ১০০                ১৫

১৮                     ৫০                 ১৪

৯০ ইনিংস শেষে টেন্ডুলকার

 রান ৪৩৪৪ গড় ৫৩.৬২ সেঞ্চুরি ১৫