কোহলি নেই, রাহানের নেতৃত্বের প্রশংসায় সাবেকরা
‘এই তিন টেস্ট অজিঙ্কা রাহানের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন টেস্ট’—কথাটা জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি নেই। চোটে পড়ে বাদ পেসার মোহাম্মদ শামি। তার ওপর নেই আরেক অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। আর মাঠের বাজে ফর্ম তো আছেই। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয় ভারত। এমন একটা সময় অধিনায়কত্বের কঠিন কাজটা করতে হচ্ছে রাহানেকে। তাও আবার বক্সিং ডে টেস্টের মতো বড় মঞ্চে।
কিন্তু এসব বাধা সামলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা অধিনায়ক রাহানের জন্য ভালোই গেল। অস্ট্রেলিয়া টসে জিতে আগে ব্যাট করে ১৯৫ রানে গুটিয়ে যায়, যার কৃতিত্বটা ভারতীয় সাবেক ক্রিকেটাররা রাহানের অধিনায়কত্বকে দিচ্ছেন।
সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ আজ টুইটারে লিখেছেন, ‘দারুণ বোলিং পরিবর্তন ও বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজিয়েছেন রাহানে।’
ভারতীয় পেসার ইশান্ত শর্মা অবশ্য এক দিন আগেই রাহানের অধিনায়কত্বের এই দিকটার কথা তুলে ধরেছিলেন। অস্ট্রেলিয়ায় অধিনায়ক হিসেবে রাহানে ভালো করবেন, বিশ্বাস ছিল তাঁর।
রাহানেকে তিনি ‘বোলারদের অধিনায়ক’ হিসেবেও আখ্যা দেন। ক্রিকইনফোকে তিনি বলেন, ‘সে চুপচাপ কিন্তু আত্মবিশ্বাসী। বিরাট না থাকলে ও যদি অধিনায়কত্ব করে, তাহলে সে আমাদের সব সময় নিজেদের ফিল্ডিং সাজাতে বলে। জিজ্ঞেস করে আমি কোথায় বল করতে চাই। সে বোলারদের অধিনায়ক। সে কখনো বলবে না, এটা করো, ওটা করো। দলের কাছ থেকে রাহানে কী চায়, সেটা সম্পর্কে সে সব সময় পরিষ্কার।’
আর টেস্টে অধিনায়কের মুখ সাধারণত উজ্জ্বল করেন বোলাররাই। ভারতের বোলাররা আজ সেই কাজটিই করেছেন। দলের পরিকল্পনায় সাড়া দিয়েছেন দারুণভাবে।
ভারতের হয়ে দিনের সেরা বোলার ছিলেন যশপ্রীত বুমরা। ৪ উইকেট নিয়েছেন। অভিষিক্ত পেসার মোহাম্মদ সিরাজও পরীক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ানদের। তবে চমক দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মেলবোর্নের প্রথম দিনের উইকেটে তিনি নেন ৩ উইকেটে।
‘বোলাররাও পারফর্ম করেছে। অশ্বিন, বুমরা, সিরাজ দুর্দান্ত বোলিং করেছে। অস্ট্রেলিয়াকে প্রথম দিন ১৯৫ রানে আউট করা বড় অর্জন। এখন দায়িত্বটা ব্যাটসম্যানদের। তাদের প্রথম ইনিংসে লিড এনে দিতে হবে’—ভারতীয় বোলারদের প্রশংসা করে টুইটারে লিখেছেন শেবাগ।
সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংও বোলারদের প্রশংসায় পঞ্চমুখ, ‘দারুণ বোলিং করেছে অশ্বিন, বুমরা ও সিরাজ। এবার ব্যাটসম্যানরা ৩০০ রান করবে, এই আশা করছি।’