কোহলি পরের টেস্টে ২৫০ রান করবেন, যদি...

ভারতের অধিনায়ক বিরাট কোহলিছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশিস নেহরার কথা মানলে বলতে হয়, বড় বাঁচা বেঁচে গেছে ইংল্যান্ড! জো রুটের ডাবল সেঞ্চুরি আবার কী, একটু এদিক-ওদিক হলেই তো উল্টো  ইংল্যান্ডকেই বিরাট কোহলির রানপাহাড়ে চাপা পড়তে হতো। ইংল্যান্ডের ভাগ্য ভালো, তারা টসটা জিতে গেছে!

নেহরা কী এমন বলেছেন? ভারতের সাবেক বাঁহাতি পেসারের ভাষ্য শুনলে মনে হতে পারে, শুধু টসটা ইংল্যান্ডের বদলে ভারত জিতলেই রুট নন, কোহলিই সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টে শিকড় গেড়ে বসতেন।

১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়েই শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে নেহরার ভবিষ্যদ্বাণী, সেই টেস্টে ভারত টস জিতে আগে ব্যাট করলেই কোহলি ২৫০ রান করবেন!

প্রথম টেস্টে বলতে গেলে উড়তে থাকা ভারতের ডানা ছেঁটে দিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জিতে দেশে ফেরা ভারতকে প্রথম টেস্টে ২২৭ রানে হারিয়েছেন রুট-অ্যান্ডারসনরা।

মজার ব্যাপার, অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে ভারতের লজ্জার হারের পর এই ম্যাচ দিয়েই ফিরেছিলেন অধিনায়ক কোহলি।

মাঝে অস্ট্রেলিয়ার মাটিতে যে তিন টেস্টে দারুণ খেলে অ্যাডিলেডের লজ্জা ভুলিয়ে ইতিহাস গড়েছে ভারত, সেই তিন টেস্টে অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে।

কোহলি অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে খারাপ খেলেননি। প্রথম ইনিংসে ভারত অধিনায়কের ব্যাট থেকে ১১ রান এসেছে। জো রুটের ২১৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ইংল্যান্ড ৫৭৮ রান করেছিল, জবাবে ভারত প্রথম ইনিংসে করে ৩৩৭ রান।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতের ধসের মুখে লড়েছেন শুধু কোহলিই। ৪২০ রানের লক্ষ্যে ভারত অলআউট হয়েছে মাত্র ১৯২ রানে, অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে কোহলি করেছেন ৭২ রান।

হারের পর কোহলি অবশ্য কোনো অজুহাত দেননি, তবে এতটুকু ঠিকই বলেছেন যে টস ম্যাচে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কথাটা হয়তো ভুলও নয়। প্রথম দুই দিনে ব্যাটিং-সহায়ক পিচে ইংল্যান্ড রান তুলে নিয়েছে।

তৃতীয় দিন থেকে ধীরে ধীরে ব্যাটিং কঠিন হয়ে পড়েছে, ভারত সে কারণে ভুগেছে বেশি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ভারতকে সুযোগ পেয়েও ফলোঅন না করানোর কারণও হয়তো

পঞ্চম দিনের পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে না চাওয়া, সে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে কোহলিদের। কিন্তু দ্বিতীয় টেস্টে ভেন্যু যেহেতু একই, পিচের অবস্থাও কাছাকাছিই হওয়ার সম্ভাবনা বেশি।

সে ক্ষেত্রে টসে জিতে ভারত আগে ব্যাট করলে কী হতে পারে? কোহলি বা ভারতের আরও কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারবেন? এমন প্রশ্নেই স্টার স্পোর্টসে নেহরার উত্তর, ‘আপনি একটি-দুটি সেঞ্চুরির কথা বলছেন? আমি তো বলব ভারত টসে জিতলে ও (কোহলি) ২৫০ রান করবে!’

২৫০ রান তো আর ছেলের হাতের মোয়া নয়! কোহলি ৮৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪৯ ইনিংসে মাত্র একবারই ২৫০ পেরোতে পেরেছেন, যদিও ২০০ রান তাঁর ব্যাট আরও ৬ বারই দেখেছে। ২৫০ রান করার স্মৃতিটা খুব বেশি পুরোনোও হয়নি কোহলির।

সময়ের হিসাবে ঠিক ১ বছর ৪ মাস আগের কথা, আর ইনিংসের হিসাব কষলে পেছনে যেতে হবে ১২ ইনিংস। ২০১৯ সালের ১০ অক্টোবর পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু টেস্টে আগে ব্যাট করা ভারতের হয়ে প্রথম ইনিংসে।

কোহলির ২০০ বা তার বেশি রানের ইনিংসগুলোর বাকি ৬টিই অবশ্য এসেছে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে।

কোহলির ব্যাটিং নিয়ে নতুন কিছু বলার নেই। তাঁকে এমনি এমনিই তো সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন মানা হয় না!

তবে নেহরা তুলে আনছেন কোহলির ব্যাটিংয়ের একটি বিশেষ দিক, ‘বিরাট কোহলির বিশেষ দিকটি এটিই। (ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সপ্তম ব্যাটসম্যান হিসেবে) যখন অশ্বিন আউট হয়ে গেল, ও জানত ভারত ম্যাচটা হারবে। কিন্তু সেটা জেনেও ও কোনো উচ্চাভিলাষী শট খেলেনি। রান করাটাকে গর্বের ব্যাপার হিসেবে নেয় ও, চায় যেন ও আউট না হয়। ও যে বলে আউট হয়েছে, সেটাতে যে কেউই আউট হবে। ওই বলটা অনেক বেশি নিচু হয়ে এসেছে।’

নিজের উইকেটকে বোলারের জন্য চরম আকাঙ্ক্ষিত কিছু করার দিকটিই কোহলির সব সময়ই ছিল। আর এটিই তাঁকে বিশেষ করে রেখেছে নেহরার কাছে, ‘উপমহাদেশের উইকেটে চতুর্থ ও পঞ্চম দিনের পিচে যেভাবে ব্যাটিং করা উচিত, ও সেভাবেই খেলে গেছে। এই তাড়নাটাই ওকে অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা করে রাখে। আর শুধু এখানেই (উপমহাদেশে) নয়, ইংল্যান্ডে সর্বশেষ সফরে ও যখন রান পাচ্ছিল না, খুব কম সময়ই ওকে সামনে পা এগিয়ে নিয়ে এসে ডিফেন্সিভ শট খেলতে দেখেছে।’