কোহলি বিতর্কে তাঁরা উত্তর চান সৌরভ গাঙ্গুলীর কাছে

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরভ গাঙ্গুলীর কাছে উত্তর খুঁজছেন সুনীল গাভাস্কার। শুধু গাভাস্কার কেন, পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সালমান বাটও তাকিয়ে বিসিসিআই সভাপতির দিকে।

কেন? বিরাট কোহলি। কিছুদিন ধরে তাঁকে নিয়েই বিতর্ক চলছে ভারতীয় ক্রিকেটে। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে কোহলি ও ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এর আগে বলেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করা হয়েছিল কোহলিকে। সে অনুরোধ না রাখায় সীমিত ওভারে আলাদা দুজন অধিনায়ক রাখতে চাননি তাঁরা। এরপরই ওয়ানডে অধিনায়ক থেকে কোহলিকে সরিয়ে রোহিত শর্মার কাঁধে দায়িত্ব দেওয়া হয়। তার আগেই টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি।

কাল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে কোহলি বলেছেন, না ছাড়ার ব্যাপারে অনুরোধ দূরের কথা, তাঁর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত বিসিসিআই ভালোভাবেই নিয়েছিল।

পাশাপাশি কোহলি এ-ও দাবি করেন, তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার খবরটি জানানো হয় বিসিসিআইয়ের সঙ্গে সভার দেড় ঘণ্টা আগে। এদিকে কোহলির এসব দাবি অস্বীকার করে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাকে জানাইনি, বিরাট কোহলি এটা বলতে পারে না। সেপ্টেম্বরে তার সঙ্গে কথা বলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে না করা হয়েছিল। যখন সে নিজে থেকেই ছেড়ে দিল, সাদা বলে দুজন অধিনায়ক রাখা কঠিন হয়ে পড়েছিল আমাদের জন্য।’

কোহলির সঙ্গে মুখোমুখি অবস্থানে সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই
ছবি: টুইটার

অর্থাৎ পরিস্থিতি এখন বেশ ঘোলাটে। কার কথা সত্য, কার কথা মিথ্যা—তা বোঝা দায়। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার তাই দুই পক্ষের কথার এমন অমিলের ব্যাখ্যা চেয়েছেন সৌরভ গাঙ্গুলীর কাছে। তিনি যেহেতু বিসিসিআইর সভাপতি, ভারতীয় ক্রিকেটে দণ্ডমুণ্ডের কর্তা। তাঁর পক্ষ থেকেই এ জটিলতা খোলাসা করা উচিত বলে মনে করেন গাভাস্কার।

ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘তার (কোহলি) কথায় আমার মনে হয় না, বিসিসিআইকে দৃশ্যপটে টেনে আনা যায়। এটা সম্ভবত ব্যক্তিগত পর্যায়ের ভাবনা, আর সে (সৌরভ গাঙ্গুলী) যেহেতু বিসিসিআইর সভাপতি, তাই তাকেই জিজ্ঞাসা করা উচিত, কথায় কেন এত অমিল।’

গাভাস্কার সরাসরি বলেন, ‘ভারত অধিনায়ক যা বলেছেন, সেসব কথার সঙ্গে এত অমিল নিয়ে উত্তর জানার জন্য সে-ই (সৌরভ গাঙ্গুলী) সেরা ব্যক্তি।’

বোর্ড, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে পরিষ্কার যোগাযোগ থাকা উচিত বলে মনে করেন গাভাস্কার, ‘যা ঘটেছে তারপর থেকে যোগাযোগটা পরিষ্কার হওয়া উচিত। অমুককে কেন নেওয়া হলো কিংবা কেন নেওয়া হলো না, সে বিষয়ে চেয়ারম্যান কিংবা নির্বাচকদের সরাসরি কথা বলা উচিত। অনেক সময় একটা সংবাদ বিজ্ঞপ্তিতেও কিন্তু কাজ হয়।’

স্পটফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সাজা ভোগ করা পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটও সৌরভ গাঙ্গুলীর কাছে উত্তর চান। নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ‘ভারতীয় ক্রিকেটের মঙ্গলের জন্য সৌরভ গাঙ্গুলীর উত্তর দেওয়া উচিত। তিনি বিসিসিআই সভাপতি এবং সবার সামনে তার বিরোধিতা করেছেন বিরাট কোহলি; এটা মোটেও হালকা বিষয় নয়। গাঙ্গুলী একদিকে বলছেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন কোহলিকে। অন্যদিকে কোহলি বলছেন, বিসিসিআই থেকে এ নিয়ে কেউ তার সঙ্গে কথাই বলেননি। পরস্পরবিরোধী কথা। এতে অশান্তির সৃষ্টি হয়।’