কোহলি-রোহিতকে 'রোল মডেল' মনে করেন না গম্ভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানবন্যা বইয়ে দিয়েও সাবেক সতীর্থের মন পাচ্ছেন না কোহলি-রোহিত। ফাইল ছবি
রানবন্যা বইয়ে দিয়েও সাবেক সতীর্থের মন পাচ্ছেন না কোহলি-রোহিত। ফাইল ছবি
>

এখনকার ভারতীয় তারকারা খেলোয়াড় হিসেবে বিশ্বের অন্যতম সেরা হলেও তাঁদের মধ্যে একটা খুঁত ধরতে পেরেছেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর

ক্রিকেট বিশ্বে এখন প্রত্যেক ক্ষেত্রেই বিশ্বমানের খেলোয়াড় আছে ভারতের।

ব্যাটসম্যানদের মধ্যে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। স্পিনার কুলদীপ যাদব বা মারকাটারি ব্যাটিংয়ে ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়ার পাশাপাশি ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রতিচ্ছবি চেতেশ্বর পূজারা। সব দিকেই ভারত এখন শক্তিশালী। কিন্তু এদের কারওর মধ্যেই তরুণদের আদর্শ হওয়ার গুণাবলি নেই, এমনটাই মত সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের।

গম্ভীররা যখন দলে প্রথম আসেন, তাঁদের পথ দেখানোর জন্য ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ কিংবা রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা। যারা তরুণদের সহায়তা করার জন্য মুখিয়ে থাকতেন। ভারতের এই দলের সিনিয়রদের মধ্যে সেই হৃদ্যতার ঘাটতি দেখতে পান গম্ভীর, ‘আমার মনে হয় এখন ভারতীয় দলে রোল মডেলের বড়ই অভাব। শতাব্দীর শুরুর দিকে যেমন ছিল, দলে শচীন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, কুম্বলেরা সবাইকে সহায়তা করতেন। তরুণদের পথ দেখাতেন। তরুণ খেলোয়াড়দের কেউ ফর্মহীনতায় ভুগলে তাঁদের সাহস জোগাতেন সেসব সিনিয়ররা। এ ক্ষেত্রে সিনিয়রদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এখন ভারতীয় দলে এ ভূমিকা পালন করার মতো যথেষ্ট মানুষ নেই। যারা কি না নিজেদের স্বার্থের কথা ভুলে নিঃস্বার্থভাবে তরুণদের সহায়তা করবে।’

কিছুদিন আগে আরেক সাবেক তারকা যুবরাজ সিংও একই কথা বলেছিলেন। কারওর নাম উল্লেখ না করলেও এখনকার সিনিয়রদের মধ্যে শৃঙ্খলাবোধের যথেষ্ট ঘাটতি আছে বলে মনে করেন, ‘আমাদের দল আর এখনকার দলের মধ্যে যে পার্থক্যটা আমার চোখে সবার আগে পড়ে, সেটা হলো, আমাদের সময়ে আমাদের সিনিয়ররা অনেক নিয়মানুবর্তী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম তখন এতটা জনপ্রিয় ছিল না তাই মনঃসংযোগে চিড় ধরানোর মতো ছিল না তেমন কিছু। আমার মনে হয়, সামাজিক যোগাযোগমাধ্যম জনপ্রিয় হওয়ার পর থেকেই এই সমস্যাটা শুরু হয়েছে। আদর্শ মানার মতো খেলোয়াড় বলতে গেলে পাওয়াই যায় না দলে। আমাদের সময়ে সিনিয়রদের সম্মান দেওয়ার যে রীতিটা ছিল, সেটা দেখি না এখন।’