কোহলি-রোহিতে নিউজিল্যান্ডের 'ছেড়ে দে মা'!

ক্রিকেটে সব ব্যাটসম্যানের জন্য এখন এভারেস্টটির নাম শচীন টেন্ডুলকার। টেন্ডুলকার-যুগ গত হয়ে এখন চলছে কোহলি-যুগ। ভক্তরা ভারতীয় অধিনায়ককে কেন ‘রান-মেশিন’ তকমা দিয়েছেন, সেটি তো চোখের সামনেই দেখা যাচ্ছে।
আজকের ম্যাচটাই দেখুন। এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে ৯০০০ রানে পৌঁছাতে ১১ ইনিংসে ৮৩ রান প্রয়োজন ছিল। রানটা করতে এক ইনিংসের বেশি সময় নেননি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০২ ম্যাচে ১৯৪ ইনিংসে ৯০০০ রান করলেন বিরাট কোহলি, ওয়ানডে ইতিহাসের দ্রুততম ৯০০০ রান। ও হ্যাঁ, এর মাঝেই ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নিতে ভোলেননি। ২১৪ ম্যাচ খেলে এই রেকর্ড করেছিলেন ডি ভিলিয়ার্স। এই রেকর্ড ভাঙার পাশাপাশি ২০১৭ সালে সব সংস্করণ মিলিয়ে ২০০০ রানও পূর্ণ করেছেন কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন কোহলি, করেছেন ১১৩ রান।
২০১৭ সালটা ভালো যাচ্ছে ভারতীয় ওপেনার রোহিত শর্মারও। গত ৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ৯১ রান করেছিলেন তিনি। আর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৭ রান করার পথে এ বছর পূর্ণ করেছেন হাজার রানের কোটা। ১৮ ইনিংসে মোট ১০৬৩ রান করেছেন রোহিত। ক্যারিয়ার গড়টাও তাঁর অসাধারণ, ৪৪.১৬। এ বছরের পরিসংখ্যানে সেটি চোখ ধাঁধানো—৬৬.৮০! সেঞ্চুরি করেছেন ৫টি। কানপুরে আজকের ইনিংসটাই এ বছরে তাঁর সর্বোচ্চ ইনিংস। পাশাপাশি ওয়ানডেতে তাঁর ছক্কার সংখ্যা দেড় শ ছাড়িয়েছে। ১৬৫ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে দ্রুততম তালিকার দুইয়ে রোহিত। ১৬০ ইনিংসে দেড় শ ছক্কা মেরেছিলেন শহীদ আফ্রিদি।
ওপেনিং জুটিতে ২৯ রান তুলতেই ফিরেছেন শিখর ধাওয়ান। তারপর কোহলি-রোহিত মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ২৩০ রান। দুজনের ব্যাটে চড়ে রানের পাহাড় গড়ছে ভারত। কেন উইলিয়ামসনের টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তকেও ভুল প্রমাণ করলেন দুই ব্যাটসম্যান! ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৭ করেছে ভারত।