‘কোহলি’ হতে চান না কোহলির ‘উত্তরসূরি’

এতদিন চেন্নাইতে ধোনির অধীনে খেলেছেন ফ্যাফ ডু প্লেসিছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জল্পনা-কল্পনার অবসান হয়েছে গতকাল। ভারতীয় দলে বিরাট কোহলির হাত থেকে রোহিত শর্মা নেতৃত্বের ব্যাটনটা নিয়ে নিলেও আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলির জায়গায় কাকে অধিনায়ক বানায়, সেটি নিয়ে আলোচনা ছিলই।

গত আইপিএলের সময়ই যে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন কোহলি। তাঁর উত্তরসূরি হিসেবে অনেকেরই নাম আসছিল। গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক, এমনকি মোহাম্মদ সিরাজের নামও আসছিল সম্ভাব্য অধিনায়কের তালিকায়। শেষমেশ তাঁদের কাউকে নয়, নতুন মৌসুমে অধিনায়ক হিসেবে বেঙ্গালুরু বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে।

নতুন মৌসুমে নতুন জার্সি পরে মাঠে নামবেন কোহলিরা। নতুন জার্সির উন্মোচন অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে ডু প্লেসির হাতে বেঙ্গালুরুর দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েই বেঙ্গালুরুকে নিজের মনমতো নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন দুই দফায় আট মৌসুম চেন্নাই সুপার কিংসে খেলে আসা এই ব্যাটসম্যান।


আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গালুরুর নতুন অধিনায়ক জানিয়েছেন, সাবেক অধিনায়ক কোহলির মতো নয়, তিনি নেতৃত্ব দেবেন নিজের মতো, ‘আজীবন এটাই বুঝেছি, যে একেকজনের নেতৃত্ব দেওয়ার ধরন একেক রকম। একেকজন একেকভাবে নেতৃত্ব দিতে পছন্দ করেন। নিজের মতো করে নেতৃত্ব দিতে পছন্দ করেন। কারণ, যখন চাপে থাকবেন, তখন ওই মুহূর্তে আপনার নিজস্বতাই আপনাকে সাহায্য করবে। তাই আমি বিরাট কোহলি হওয়ার চেষ্টা করতে পারি না, কারণ আমি বিরাট কোহলি নই। ধোনি হওয়ার চেষ্টা করতে পারি না, কারণ আমি ধোনি নই। তবে এমন অনেক জিনিস আছে যেখান থেকে আমি নেতৃত্বের শিক্ষা নিয়েছি, নিজের মতো পোক্ত হয়েছি। সে জন্য আমি কৃতজ্ঞ।’

বেঙ্গালুরুর নেতৃত্ব ছেড়েছেন কোহলি
ছবি: আইপিএল

চেন্নাইয়ে আট বছর ধোনির অধীনে খেলে এসেছেন। এমনকি যে এক মৌসুমে চেন্নাই ছিল না, সে মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন। সে ফ্র্যাঞ্চাইজিরও অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফলে স্বাভাবিকভাবেই, ধোনির নেতৃত্বগুণের অনেক কিছু কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। যত দেখেছেন, ততই মুগ্ধ হয়েছেন। ডু প্লেসির কথায় উঠে এল সেই মুগ্ধতার বিষয়টিও, ‘মজার ব্যাপার হলো, আমি যখন ২০১১ সালে প্রথম চেন্নাইয়ের হয়ে খেলতে নামি, তখন অধিনায়কত্ব নিয়ে আমার কাছে নিজের মতো একটা ধারণা ছিল। পরে দেখি, নেতৃত্ব নিয়ে আমি যা যা ভাবি, ধোনি তার ঠিক উল্টোটা করছে!’

নতুন অধিনায়ক পেয়েছে বেঙ্গালুরু
ছবি : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ধোনির এই ভিন্ন দর্শনের কারণটাও বুঝতে পেরেছেন ডু প্লেসিস, ‘আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি, তাই না? তাই ভিন্ন পরিবেশে এসে ধোনির অধিনায়কত্ব দেখে আমার মনে হয়েছে, অধিনায়কত্ব নিয়ে আমি যা যা ভাবি, এই লোক তার সম্পূর্ণ আলাদা!’
মার্চের ২৭ তারিখে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরু করবে তাদের আইপিএল-অভিযান।