কোহলিই ভারতীয় হিসেবে প্রথম যেখানে
রেকর্ডের বরপুত্র তিনি। খেলা ছাড়ার পর কোন কোন রেকর্ডে তিনি থেকে যাবেন, সে আলোচনা অনেক পরের, কিন্তু খেলোয়াড়ি জীবনের মধ্যগগণে থাকতেই বিরাট কোহলি এমন অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন, যা নিঃসন্দেহে খেলোয়াড় হিসেবে তাঁকে অন্য মাত্রা দেয়। কাল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস ম্যাচে কোহলি তাঁর অর্জনের মুকুটে আরও একটি রত্ন যুক্ত করলেন। এমন এক কীর্তি গড়লেন যার সৌভাগ্য এখনো পর্যন্ত অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের হয়নি।
আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক আগেই হয়েছিলেন ভারত-অধিনায়ক। ১৮২ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৫ হাজার ৫৪৫ রান। কিন্তু আইপিএলে সেরা রান সংগ্রহকারী হয়েই শুধু নন, এবার টি-টোয়েন্টি ক্রিকেটেরই দারুণ এক কীর্তি নিজের করে নিলেন এই তারকা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মালিক এখন কোহলি। বিশ্ব ক্রিকেটে সপ্তম ক্রিকেটার হিসেবে তাঁর এই রেকর্ড।
কোহলির আগে যে ছয়জন আছেন, তাঁদের মধ্যে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তাঁর সংগ্রহ ১৩,২৯৬ রান। এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে নিজেকে চিনিয়েছেন ক্যারিবীয় এ ক্রিকেটার। ছোট সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ দল ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর এই রেকর্ড। এর পরপরই আছেন গেইলেরই স্বদেশি কাইরন পোলার্ড। তাঁর সংগ্রহ ১০ হাজার ৩৭০ রান। এরপর ৯৯২৬ রান নিয়ে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। তাঁর খুব কাছাকাছিই আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (৯ হাজার ৯২২), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সংগ্রহ ৯ হাজার ৪৫১। তাঁর দেশেরই অ্যারন ফিঞ্চ আছেন ষষ্ঠ স্থানে, ৯ হাজার ১৬১ রান নিয়ে।
কোহলির সংগ্রহ এখনো পর্যন্ত ৯ হাজার ৩৩ রান। দিল্লির বিপক্ষে নামার আগে ১০ রান দরকার ছিল এ মাইল ফলক স্পর্শ করার জন্য। কাল সেটাও হয়ে গেল। আগের ম্যাচে অর্ধশতক করা কোহলি ফর্ম ধরে রেখেছেন গতকালও। দিল্লির বিপক্ষে ৩৯ বলে ৪৩ রান করেছেন। যদিও দলকে জেতাতে পারেননি। ৫৯ রানের বিরাট ব্যবধানে হেরেছেন কোহলিরা।