কোহলিও অবাক ইংল্যান্ডের ভরাডুবিতে

>বিশ্বকাপের আগে থেকেই দারুণ ফর্মে ছিল ইংল্যান্ড। বিশ্বকাপে কী হলো কে জানে, এখন সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কা। মরগানদের এমন পারফরম্যান্স অবাক করেছে বিরাট কোহলিকেও। ভারতীয় এই অধিনায়ক মনে করেন অতিরিক্ত চাপই এর জন্য দায়ী।
কী ভেবেছিলাম আর কী হলো! ইংল্যান্ডকে নিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মন্তব্যটা অনেকটা এরকম । বিশ্বকাপের আগে যেই দলের ভয়ে রীতিমতো খাবি খাচ্ছিলেন সবাই, সেই দলই কি না বিশ্বকাপের শেষ চার নিয়ে রয়েছে অনিশ্চয়তায়। বিশ্বকাপে মরগানদের এমন পারফরম্যান্স সাবেক ইংলিশ ক্রিকেটারদের মতো অবাক করেছে কোহলিকেও।
আগামীকালের ম্যাচ নিয়ে কোহলিদের অবশ্য সেরকম কোনো চিন্তা নেই, শেষ চার প্রায় নিশ্চিত করেছে ভারত। যত চিন্তা ইংল্যান্ডের। তবে বিশ্বকাপের আগেও যাদের পা মাটিতে পরছিল না সেই ইংল্যান্ডেরই টুর্নামেন্টে এমন বাজে অবস্থা হবে ব্যাপারটা যেন কল্পনাতেও ভাবতে পারেননি ভারতীয় অধিনায়ক, ‘ইংল্যান্ডের এমন পারফরম্যান্স সবাইকেই অবাক করেছে। আমরা ভেবেছিলাম, ওদের কন্ডিশনে দাপট দেখাবে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বলেছি, চাপ অনেক বড় ব্যাপার। ছোট স্কোরও রক্ষা করতে জানতে হবে। কারণ, আমি আগে দুই বিশ্বকাপ খেলেছি, যে কেউই যে কাউকে হারাতে পারে। আফগানিস্তানের বিপক্ষেই কঠিন সময় পার করেছি আমরা। আপনি কোনো ম্যাচকেই হালকাভাবে নিতে পারেন না।’
এবার ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে শুধু র্যাঙ্কিং সেরা ছিল বলেই নয়, গত তিন বছরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ছিল ইংল্যান্ড। গত বিশ্বকাপে ভরাডুবির পর নিজেদের সম্পূর্ণ পাল্টে ফেলা ইংল্যান্ড বলতে গেলে সবার জন্যই ছিল আতঙ্কের কারণ। তবে প্রত্যাশা অনুযায়ী সেরকম কিছুই হয়নি, বরং সেমিফাইনালে কীভাবে পৌঁছাবে তা নিয়েই এখন চিন্তা। কোহলির ধারণা স্বাভাবিক ক্রিকেট খেললেই এ দশা হতো না ইংল্যান্ডের, ‘অন্য দলগুলো ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছে, এটা হতেই পারে। নিজেদের সমস্যার সমাধান ইংল্যান্ডকেই করতে হবে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলা যতটা স্বাভাবিক রাখা যায় তত ভালো। এসব ক্ষেত্রে আবেগী বা উত্তেজিত হলে নিজেদের ওপরই চাপ সৃষ্টি হয়।’
শেষ চারে যেতে হলে আগামীকাল যে করেই হোক এজবাস্টনে ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে হবে মরগানদের। ভারতীয় দর্শকদের সাম সামাল দিতে পারবে তারা?