কোহলিও ওড়াচ্ছেন সাদা পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব চালিয়ে যাওয়ার কথা বলেন কোহলি। ফাইল ছবি
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব চালিয়ে যাওয়ার কথা বলেন কোহলি। ফাইল ছবি

আইপিএলই তাহলে এক কাতারে দাঁড় করিয়ে দিচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের? ভারতের এই টি-টোয়েন্টি লিগ যতই এগিয়ে আসছে, দুই দেশের ক্রিকেটার ও ক্রিকেট-সংশ্লিষ্টদের মধ্যে সাদা পতাকা ওড়ানোর একটা প্রবণতা শুরু হয়েছে। ধর্মশালা টেস্ট শেষ হওয়ার দিনই সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ নিজের ‘আবেগে’র ব্যাপারে দুঃখিত হলেন। সাবেক ক্রিকেটার ব্র্যাড হজ বিরাট কোহলির বিপক্ষে কটু মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করলেন। আজ ভারত অধিনায়ক নিজেও বললেন ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে বলা তাঁর কথাগুলো একটু ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয়েছে। অস্ট্রেলীয়দের এখনো তিনি বন্ধু মনে করেন বৈকি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি ৮ উইকেটে জিতে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, সিরিজে মাঠে ও মাঠের বাইরে এত ঝগড়াঝাঁটি, কথা-কাটাকাটি হয়েছে, তার পর তিনি অস্ট্রেলীয় ক্রিকেটারদের আর বন্ধু ভাবেন না। একই দিন স্মিথ সিরিজের সব বিতর্কের জন্য ক্ষমা চাওয়াতে কোহলির মন্তব্য তৈরি করে নতুন বিতর্ক।
কোহলি অবশ্য টুইট করে দাবি করেছেন, উনি যেভাবে বলেছেন, সেভাবে প্রকাশিত হয়নি তাঁর কথা, ‘ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আমার উত্তরটা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয়েছে। আমি সুনির্দিষ্টভাবে গোটা অস্ট্রেলিয়া দলের কথা বলিনি। দুই-এক জনের কথা বলেছি। আমি যাদের চিনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যারা খেলে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব অব্যাহত থাকবে। সেটার কোনো পরিবর্তন হবে না।’
কোহলি-হজরা সাদা পতাকা ওড়ানোয় কথার যুদ্ধ বন্ধ হলেই ভালো।