কোহলিকে আউট করার 'সিক্রেট' ফাঁস করলেন ওয়ার্ন

>কোহলির ব্যাটিং-শ্রেষ্ঠত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। ওদিকে, নিজের যুগে শেন ওয়ার্নও ছিলেন শ্রেষ্ঠতম স্পিনারদের একজন। এ দুজন যদি কখনো মুখোমুখি হতেন, কোহলির মতো ‘রান-মেশিন’কে কীভাবে আটকাতেন ওয়ার্ন?
বিরাট কোহলি মানেই রান। বিরাট কোহলি মানেই সেঞ্চুরি। সাম্প্রতিককালের কোনো ব্যাটসম্যানকে আউট করার জন্য বোলারদের এতটা ভাবনা-চিন্তা করতে হয় না, যতটা না কোহলিকে আউট করার জন্য করতে হয়। তাতে লাভ হয় কই? দিনের পর দিন কোহলি নিজেকে ছাড়িয়েই যাচ্ছেন শুধু। এ অবস্থায় বোলারদের ‘ত্রাতা’ হিসেবে আবির্ভূত হলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। জানালেন, কোহলিকে আউট করার ‘ফর্মুলা’।
খেলোয়াড়ি জীবনে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের সামলেছেন ওয়ার্ন। তিনি ভালোই জানেন, কোন ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়। এমনি এমনি তো আর টেস্টে ৭০৮ ও ওয়ানডেতে ২৯৩টা উইকেট পাননি! সেই ওয়ার্ন যখন কোহলিকে আউট করার ব্যাপারে নিজের অভিজ্ঞতার ঝাঁপি খুলে বসেন, তার একটা আলাদা গুরুত্ব থাকবেই। কোহলিকে যে থামানোই যাচ্ছে না!
৩০ বছর বয়সেই ওয়ানডেতে ৪১টা সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। এই গতিতে এগোতে থাকলে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকার শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারকে যেকোনো মুহূর্তে ছুঁয়ে ফেলবেন। দশ হাজার রানের মাইলফলকও ছাড়িয়েছেন কিছুদিন আগে। দেশের মাঠ হোক বা বিদেশ, কোহলির ব্যাট কথা বলে সব জায়গায়। গত ৫৯ ওয়ানডেতে ৮৮.২৫ গড়ে ৩৯৮৫ রান তুলেছেন কোহলি, যা এক রকম অবিশ্বাস্য। এখনকার বোলাররা কোহলির রানের চাকায় লাগাম পরাতেই পারছেন না।
কোহলিকে আউট করার জন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্ন, ‘এখনকার বোলাররা যে ভুলটা করে, তা হলো তারা কোহলিকে স্টাম্প বরাবর বল করে। কোহলিকে স্টাম্প বরাবর বল করে থামানো যাবে না। কেননা স্টাম্প বরাবর বল করলে অন সাইড ও অফ সাইড, দুদিকেই সমানতালে মারতে পারবে সে। তাই ওকে থামাতে চাইলে হয় অন সাইড, নাহয় অফ সাইড, যে কোনো একদিকে বল করতে হবে। অন সাইডে বল করলে অফ সাইডে কোহলির শট খেলার সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। বা অফ সাইডে বল করলে অন সাইডে শট খেলার সুযোগটা হারাবে সে। তাই স্টাম্প বরাবর বল করা যাবে না। ওর বিপক্ষে আক্রমণাত্মক হয়ে লাভ নেই। রক্ষণাত্মক থাকলেই ওকে থামানো যাবে। আমি যদি ওকে বল করতাম, তাহলে আমি চাইতাম অফ সাইডে বল ফেলতে। স্লিপ আর শর্ট কভারে অঞ্চলে ফিল্ডার রেখে আমি ওকে অফ সাইডে বল করতাম আর ওকে বাধ্য করতাম কাভার ড্রাইভ খেলার জন্য। কপাল ভালো থাকলে দুই-একটা মিস হিট হলে সেসব ফিল্ডারের হাতে ক্যাচ বানিয়ে ওকে আউট করা সম্ভব!’
সামনে বিশ্বকাপ। বোলাররা কি ওয়ার্নের পরামর্শ শুনছেন?