কোহলিকে আউটের স্বপ্ন নিয়ে ঘুমোতে গেছেন অ্যান্ডারসনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন কোহলি। ছবি: এএফপি
তৃতীয় দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন কোহলি। ছবি: এএফপি
>জমে উঠেছে এজবাস্টন টেস্ট। তৃতীয় দিন শেষে জয় থেকে ৮৪ রানের দূরত্বে ভারত। ইংল্যান্ডের দরকার বাকি ৫ উইকেট। উইকেটে বিরাট কোহলি থাকায় দুশ্চিন্তায় ইংল্যান্ড। ভারতীয় অধিনায়কের আউটের স্বপ্ন দেখে তৃতীয় দিন শেষে রাতে ঘুমোতে গেছেন জেমস অ্যান্ডারসনরা

ভারতের চাই আর ৮৪ রান। ইংল্যান্ডের দরকার বাকি ৫ উইকেট। এই হলো এজবাস্টন টেস্টের সমীকরণ। ভারতের পক্ষে সেই সমীকরণ মিলিয়ে দিতে কাল উইকেটে তৃতীয় দিন পার করেছেন বিরাট কোহলি। আজ চতুর্থ দিনে সবার আগে তাঁকে আউট করার স্বপ্ন নিয়ে কাল রাতে ঘুমোতে গেছেন জেমস অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেট কতটা রোমাঞ্চকর তার সাম্প্রতিকতম প্রমাণ এজবাস্টনের এই লড়াই। হাতে আছে এখনো দুটি দিন। এর মধ্যেই শুরু হয়েছে চতুর্থ ইনিংসের ব্যাটিং। কিন্তু কে জিতবে তা এখনো নিশ্চিত নয়। কোহলি তা নিশ্চিত করতে পারেন। তিনি টিকে থাকলে ফলটা ভারতের পক্ষে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আজ দ্রুতই আউট হয়ে গেলে জয়ের সুবাস পাবে ইংল্যান্ড। মূলত ভারতীয় অধিনায়কের ব্যাটেই নির্ভর করছে এই টেস্টের ফল। আর তাই রাতের ঘুমেও কোহলিকে আউট করার স্বপ্ন দেখার কথা বলেছেন ইংলিশ পেসার অ্যান্ডারসন।

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ এ উইকেটশিকারি কাল তৃতীয় দিনের খেলা শেষে গোটা দলের মনোভাবটাই তুলে ধরেছেন। সেটি যে কোহলিকে কেন্দ্র করে তা বলাই বাহুল্য। অ্যান্ডারসন বলেন, ‘সবার আগে আমরা কোহলিকে আউট করার স্বপ্ন নিয়ে ঘুমোতে যাব। বিশ্ব ক্রিকেটে কেউ অজেয় নয়। আমরা তাঁকে আউট করতে পারব।’

চতুর্থ দিনে ম্যাচের গতিপথটুকু কালই আন্দাজ করে রাখলেন অ্যান্ডারসন। তাঁর মতে, রাতে ভালো বিশ্রাম নিয়ে সকালে ফুরফুরে শরীরে ফিরতে পারলে ম্যাচটা আর সর্বোচ্চ ২৫-৩০ ওভার পর্যন্ত গড়াবে। সেটি যেকোনো দিকেই যেতে পারে। আমরা তাই সর্বোচ্চ চেষ্টাই করব।’

ম্যাচটা এত দূর পর্যন্ত আসার জন্য অ্যান্ডারসন অবশ্য ডেভিড মালানকে দুষতে পারেন। ভারত প্রথম ইনিংসে ২৭৪ রান করেছে কোহলির (১৪৯) সেঞ্চুরিতে ভর করে। সেই ইনিংসে অ্যান্ডারসনের বলে কোহলির (২১ ও ৫১ রানে) দুটো ক্যাচ ছেড়েছেন মালান। সুযোগটার দারুণ সদ্ব্যবহার করেছেন কোহলি। শেষ দিকে তিন টেল-এন্ডার নিয়ে তাঁর লড়াই টেস্টপ্রেমীরা অনেক দিন মনে রাখবেন। ভারতের প্রথম ইনিংসে অশ্বিন আউট (সপ্তম উইকেট) হওয়ার পর বাকি তিনজন—ইশান্ত শর্মা (১৭), উমেশ যাদব (১৬) ও মোহাম্মদ শামি (৪) মিলে মোট ৩৭ বল খেলেছেন। আর এই তিনজনের সঙ্গে উইকেটে থাকতে কোহলি একাই খেলেছেন ১১৬ বল। রান তুলেছেন ৯২। ভাবা যায়!

কোহলিকে নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসেও একই ভয় পাচ্ছেন অ্যান্ডারসন। টেল-এন্ডারদের নিয়ে কোহলি লড়াই চালিয়ে গেলে জয়টা ক্রমশ হাতছাড়া হবে ইংল্যান্ডের। অ্যান্ডারসনের কপালে তাই চিন্তার ভাঁজ, ‘সে (কোহলি) কীভাবে যেন গ্যাপ খুঁজে পায়। টেল এন্ডারদের নিয়ে যেভাবে ব্যাট করেছে তা অসাধারণ। প্রথম ইনিংসের মতো ব্যাটিং করলে...এমনকি টেল-এন্ডারদের নিয়ে ব্যাটিং করলেও সমস্যা হবে। কিন্তু আমাদের হিসেবটা সহজ—যত দ্রুত সম্ভব ৫টা উইকেট দরকার। নইলে ওঁরা রানটা করে ফেলবে।’ কোহলি (৪৩*) আর দীনেশ কার্তিক (১৮*) কিন্তু বাকি রানগুলো তুলে নেওয়ার লক্ষ্য নিয়েই আজ ব্যাটিংয়ে নামবেন।