কোহলিকে এতটা ভালোবাসে পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় সিক্ত কোহলি। ছবি: এএফপি
পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় সিক্ত কোহলি। ছবি: এএফপি

খেলা, রাজনীতি কিংবা সীমান্তে ভারত-পাকিস্তানের বৈরিতা নতুন কিছু নয়। দুই প্রতিবেশী দেশের যুদ্ধংদেহী ব্যাপারটা যেন চিরকালীন। ব্যতিক্রম শুধু একটা জায়গায়। বিরাট কোহলি। পাকিস্তানিদের মনজুড়েই যে আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক!

গুগল ট্রেন্ডস অন্তত সেটিই বলছে। তাঁদের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গত বছরের ১৮ ডিসেম্বর থেকে এ বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছে কোহলিকে।
স্বয়ং পাকিস্তান ক্রিকেট দলও তাঁর ধারে-কাছে নেই। মোহাম্মদ আমির থেকে শহীদ আফ্রিদি কিংবা সরফরাজ আহমেদরাও হার মেনেছেন কোহলির কাছে। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানটির পর জায়গা পেয়েছেন সরফরাজ, আমির ও আহমেদ শেহজাদ। এমনিতেই বিশ্বজুড়ে কোহলির ভক্তের অভাব নেই। সেখানে পাকিস্তানিরা যেন এক কাঠি সরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়, তাঁরা পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের বকুনি দিয়ে কোহলির পথ অনুসরণ করার পরামর্শ দিচ্ছে!

গুগল ট্রেন্ডসে পাকিস্তানে জনপ্রিয়তায় আমির-সরফরাজদেরও ছাপিয়ে গেছেন কোহলি। ছবি: স্ক্রিনগ্রাব
গুগল ট্রেন্ডসে পাকিস্তানে জনপ্রিয়তায় আমির-সরফরাজদেরও ছাপিয়ে গেছেন কোহলি। ছবি: স্ক্রিনগ্রাব

পাকিস্তানে তুমুল জনপ্রিয় হয়ে ওঠার পেছনে কিন্তু কোহলির ভূমিকাও কম নয়। আমির-সরফরাজদের সঙ্গে তাঁর ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর। সম্প্রতি যেমন আনুশকা শর্মার সঙ্গে জীবনের ইনিংস শুরু পর পাকিস্তানের অনেক খেলোয়াড়েরই শুভেচ্ছা পেয়েছেন কোহলি। এ ছাড়া আইসিসির টুর্নামেন্টে দেখা হলে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে উপহার বিনিময়েরও নজির রেখেছেন তিনি।
এই তো ঢাকায় গত বছরের এশিয়া কাপে পাকিস্তানের পেসার আমিরকে নিজের ব্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কোহলি। পরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ওয়াদা পূর্ণ করেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। পাকিস্তানি ক্রিকেট-ভক্তরা হয়তো এ কারণেই ‘শত্রু’ দেশের ক্রিকেট অধিনায়ককে এতটা ভালোবাসেন। সূত্র : ডেকান ক্রনিকলস