কোহলিকে খ্যাপাতে যেয়ো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক হাসি
মাইক হাসি

টেস্ট সিরিজে সাফল্য পেতে বিরাট কোহলিকে খেপিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন স্টিভ স্মিথ। অধিনায়ককে বিব্রত করে পুরো ভারত দলকেই অগোছালো করে দেওয়ার পরিকল্পনা যাকে বলে। তবে এ পরিকল্পনায় বড় এক ফাঁক রয়ে গেছে, খেপলেই যে ভালো খেলেন কোহলি! মাইক হাসি তাই অস্ট্রেলীয়দের সাবধান করে দিচ্ছেন, কোহলিকে খ্যাপাতে যেয়ো না!
এই তো গত বছরের জানুয়ারিতে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজেই কোহলির সঙ্গে বেশ কয়েকবার কথার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া দল। সে সিরিজে ধবলধোলাই হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ২০১৪ সালেও প্রায় একই রকম ঘটনা। মহেন্দ্র সিং ধোনির হঠাৎ অবসরে টেস্ট অধিনায়কত্ব পান কোহলি। নতুন অধিনায়ককে ঘাবড়ে দিতে স্লেজিংকেই অস্ত্র বানায় অস্ট্রেলিয়া। ১৬৯ রানের এক ইনিংস খেলে কোহলি বুঝিয়ে দিয়েছেন, তাঁকে জ্বালাতে গিয়ে উল্টো জ্বলতে হয় প্রতিপক্ষকে। ম্যাচ শেষে কোহলি নিজেই বলে দেন, ‘ওরা আমাকে বখে যাওয়া ছোকরা বলছিল। আমি বললাম, হতেও পারে আমি ও রকম। আর সেটাই আমার পক্ষে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভালো লাগে, ওরা শান্ত থাকতে পারে না। ওদের সঙ্গে তর্ক করতে ভালোই লাগে আমার।’
অনেকে হয়তো ভুলেও যেতে পারেন সে কথা। দুই বছরে তো অনেক কিছুই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। দলের সদস্য থেকে তিন সংস্করণের অধিনায়ক হয়েছেন স্মিথ। অধিনায়ক হিসেবে তাই নিজের পরিকল্পনা সাজাতেই পারেন। কিন্তু সে পরিকল্পনা মোটেও পছন্দ হচ্ছে না হাসির, ‘আমি হলে ওকে খ্যাপানোর চেষ্টা করতাম না। আমার মনে হয়, সে এতে উল্টো জ্বলে ওঠে, একজন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। সে লড়তে ভালোবাসে, মাঠে এমন প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে।’
হাসির কাছে বরং গুরুত্ব পাচ্ছে দল হিসেবে অস্ট্রেলিয়ার কী করা উচিত, সেটা। সিরিজে কীভাবে ভালো করা যায়, সেটা নিয়েই স্মিথদের ভাবতে বলেছেন ‘মি. ক্রিকেট’। আর পরামর্শটা যখন হাসির, তখন মনোযোগ দেওয়াই উচিত অস্ট্রেলিয়ার। এশিয়ায় ৫ টেস্ট কিংবা তার চেয়ে বেশি খেলা অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো গড় এই বাঁহাতির। তাঁর মতে, সিরিজে টিকে থাকতে হলে ভালো পরিকল্পনা সাজাতে হবে দলের থিংক ট্যাংককে, ‘এর (কোহলিকে খ্যাপানোর) চেয়ে ভালো, ঠান্ডা মাথায় কিছু পরিকল্পনা করা। এবং যতটুকু সম্ভব সেটি অনুসরণ করা। সেটা না করে বাগ্যুদ্ধে জড়ানোর কোনো মানে হয় না। কারণ, এতে সে আরও ভালো খেলতে শুরু করে। আপনি নিশ্চয়ই চাইবেন না নিজেদের দক্ষতা কাজে না লাগিয়ে, বেশি কথা বলে মনঃসংযোগ হারাতে। সেই দলই জিতবে, যারা দীর্ঘসময় ধরে ভালো খেলবে, সবচেয়ে আক্রমণাত্মক কিংবা মুখর দলটি নয়।’
তবে স্মিথের দুশ্চিন্তার কারণটা জানা হাসির। ২৩ ফেব্রুয়ারির পুনে টেস্ট দিয়ে শুরু চার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মাথাব্যথা তো কোহলিই। যেকোনো মূল্যেই কোহলিকে দ্রুত আউট করতে চাইবে সফরকারীরা, ‘একজন অস্ট্রেলিয়ানের চোখে, এ সিরিজে কোহলিই আমাদের এক নম্বর জাতীয় শত্রু। আমরা চাইব খুব দ্রুত ওকে ফেরাতে। সে যদি একবার থিতু হয়ে যায়, তবে বড় ইনিংস খেলবেই, অনেক রান করবে। এখন সে প্রচণ্ড আত্মবিশ্বাসী। সে কন্ডিশনটা খুব ভালো চেনে, আর সে যেদিন ভালো খেলে, ভারত জেতে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এমন দুই ব্যাটসম্যান হলো স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ওরা রান পেলে অস্ট্রেলিয়া ভালো করে।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।