কোহলিকে চান গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ক্রিকেট খেলে ক্লান্ত বিরাট কোহলি। বিশ্রাম চান তিনি। ভারতের বেশ কয়েকটি পত্রিকার খবর, এই কারণ দেখিয়ে কোহলি এরই মধ্যে বাংলাদেশ সফর থেকে অব্যাহতিও চেয়েছেন। ভারতের টেস্ট অধিনায়ককে পুরো সিরিজেই বিশ্রাম দেওয়া হবে, নাকি শুধু টেস্ট বা ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হবে—সে নিয়েও চলছে নানা গুঞ্জন। যদিও ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট ম্যাচটা অন্তত খেলা উচিত কোহলির।
শুধু কোহলিই নন, ভারতের আরও কয়েকজন শীর্ষস্থানীয় খেলোয়াড়ও নাকি ক্লান্তির কারণে এই সফরে আসতে অনিচ্ছুক। তবে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘আমি চাই কোহলি বাংলাদেশ সফরে টেস্ট ম্যাচে মাঠে নামুক। এরপর ওয়ানডে সিরিজে সে ছুটি নিক, কোনো অসুবিধা নেই। শুধু কোহলিই নয়, ওয়ানডে সিরিজে রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদবদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত। গত সাড়ে চার মাস তাঁরা অসম্ভব পরিশ্রম করেছে। একজন ক্রিকেটার হিসেবে এই বিশ্রামটা তাদের প্রাপ্য।’
গত বছর জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতেও দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। তবে সেরা খেলোয়াড়দের ছাড়াই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল অন্য ম্যাচটি। এবারও খেলোয়াড়দের অনেকে বিশ্রাম চাইছেন, তবে গাভাস্কার মনে করেন বাংলাদেশ সফরে একটি শক্তিশালী দলই পাঠানো উচিত ভারতের, ‘এটা ঠিক যে গত বছর অনেকটা “এ” দল নিয়েই ভারত বাংলাদেশকে সহজে হারিয়েছিল। কিন্তু ওটা এক বছর আগের কথা। গত এক বছরে দল হিসেবে বাংলাদেশ অনেক বদলে গেছে। পাকিস্তানকে তারা ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে। আমার বিশ্বাস, এবার আমরা একটা শক্তিশালী দলই দেখব বাংলাদেশ সফরে।’
শেষ পর্যন্ত ভারত কেমন দল পাঠায় সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে ২০ মে পর্যন্ত। ওই দিন বিসিসিআইয়ের বৈঠক শেষে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। তবে এরই মধ্যে ইন্ডিয়া টুডে খবর দিয়েছে, সিনিয়র খেলোয়াড়দের গণছুটির আবেদন মঞ্জুর করতে গিয়ে বীরেন্দর শেবাগ, জহির খান, হরভজন সিং ও যুবরাজ সিংয়ের মতো অভিজ্ঞদের দলে ফেরানোর কথা ভাবছে বিসিসিআই। একসময় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তাঁরা চারজন। কিন্তু বাস্তবতাই এখনকার ভারতীয় দলে তাঁদের ব্রাত্য করে রেখেছে। যদিও অতীত অবদানের কথা মাথায় রেখেই এত সাদামাটাভাবে তাঁদের বিস্মৃতির গহ্বরে হারিয়ে যেতে দিতে চায় না বিসিসিআই। বরং সম্মানজনকভাবে তাঁদের বিদায় জানানোর পথই খুঁজে দেখা হচ্ছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘এই চার ক্রিকেটারের বাংলাদেশ সফরে ভারতীয় দলের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেটের প্রতি তাদের অবদান বিবেচনা করেই তাদের সম্মানজনকভাবে বিদায় জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশে পা রাখার কথা ভারতের। ১০ জুন ফতুল্লায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। তিনটি ওয়ানডে ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এনডিটিভি, ইন্ডিয়া টুডে।