কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়াকে চেপে ধরল ভারত
গৌতম গম্ভীর চাইলে মুখে একটা গোঁফ কল্পনা করে নিয়ে তাতে দু-চারটা মোচড় দিতে পারেন। আর মুখে বেশ গাম্ভীর্য টেনে বলতে পারেন, ‘আমি তো আগেই বলেছিলাম!’
কী বলেছিলেন গম্ভীর? বলেছিলেন, অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার আগে দাপট ভারতই দেখিয়েছিল। তাই এতে এত ভেঙে পড়ার কিছু নেই। আর সে সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, মাত্র দুই ব্যাটসম্যান ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বলতে কিছু নেই। স্টিভ স্মিথ আর মারনাস লাবুশেনকে দ্রুত ফেরাতে পারলে ভারত যে লড়াইয়ে এগিয়ে যাবে, সে প্রেরণাও জুগিয়েছিলেন গম্ভীর।
মেলবোর্নে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলিকে ছাড়া খেলতে নেমে গম্ভীরের পরামর্শটা দারুণ কাজে লাগিয়েছে ভারত। টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া মাত্র ১৯৫ রানে গুটিয়ে গেছে। প্রথম দিন শেষে ১ উইকেটে ৩৬ রান তুলেছে ভারত।
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের মূল দুই অস্ত্র স্মিথকে শূন্য হাতেই ফেরাতে পেরেছে ভারত। লাবুশেন অবশ্য সহজে মাঠ ছাড়েননি। একাই ২২ ওভার খেলেছেন, দলকে এনে দিয়েছেন ৪৮ রান। অভিষিক্ত মোহাম্মদ সিরাজকে টেস্টের প্রথম উইকেট উপহার দেওয়ার আগপর্যন্ত ভারতকে হতাশ করার ভালোই সংকল্প দেখাছিলেন। লাবুশেন ফিরতেই আবার বেরিয়ে পড়ল অস্ট্রেলিয়া লাইনআপের কঙ্কাল। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৬৪।
অস্ট্রেলিয়া অবশ্য আজ কিছুক্ষণ পরপরই উইকেট হারিয়েছে। শুরুতেই জো বার্নস ফিরে প্রমাণ করে দিয়েছেন, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর রানে ফেরা নিয়ে অতটা উচ্ছ্বাস না দেখালেও পারত অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডও ওয়ানডে ছন্দে খেলতে গিয়ে বিদায় নিয়েছেন ৩০ রানে। আর স্মিথ প্রথমবারের মতো প্রথম ইনিংসে শূন্যের দুঃখ নিয়ে যখন ড্রেসিংরুমে ফিরলেন, অস্ট্রেলিয়ার রান তখন মোটে ৩৮।
লাবুশেন এতক্ষণ শুধু দর্শকের ভূমিকায় ছিলেন। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে পেয়ে এবার একটু কাজে নামারও সুযোগ পেলেন। দুজনে মিলে ৮৬ রান এনে দেওয়ার পরই টনক নড়ল ভারতের। ডানহাতি পেসার রাউন্ড দ্য উইকেট থেকে বল করলে যে হেডের দুর্বলতা বেরিয়ে পড়ে, সেটা দিনের দ্বিতীয় সেশনের মাঝপথে মনে পড়েছে ভারতের। যশপ্রীত বুমরা অ্যাঙ্গেল তৈরি করে টানা তিনটি শর্ট বল করলেন। পরের বলটা একটু সামনে ফেলে বাইরের দিকে পাঠালেন। ওতেই থামল হেডের ৩৮ রানের ইনিংস। ১০ রান পরই চললেন লাবুশেনও।
দশে নামা লায়ন ১৭ বলে ২০ রান তুলে অস্ট্রেলিয়াকে দুই শ ছাড়ানোর আশা দেখিয়েছিলেন। কিন্তু বুমরা সে চেষ্টায় বাঁধ টেনেছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংকে মূল ধাক্কা দেওয়া রবিচন্দ্রন অশ্বিন ৩৫ রানে পেয়েছেন ৩ উইকেট। ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরা। সিরাজের প্রাপ্তি ৪০ রানে ২ উইকেট।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়েছে ভারত। শূন্য রানে প্রথম উইকেট হারানো ভারত ৪ রানেই দ্বিতীয় উইকেট খোয়াতে পারত। কিন্তু প্যাট কামিন্সের বলে অভিষিক্ত শুভমান গিলের ক্যাচ তৃতীয় স্লিপে ফেলে দিয়েছেন লাবুশেন।