কোহলিকে টেন্ডুলকারের 'ওষুধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিকে ‘সারিয়ে’ তুলতে এগিয়ে এসেছেন টেন্ডুলকার। ফাইল ছবি
কোহলিকে ‘সারিয়ে’ তুলতে এগিয়ে এসেছেন টেন্ডুলকার। ফাইল ছবি

শচীন টেন্ডুলকার ২২ গজ থেকে বিদায় নিয়েছেন, তা প্রায় এক বছর হতে চলল। এ সময় ক্রিকেট জিনিয়াসের যোগ্য উত্তরসূরি ভারত দল পেয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়। তবে অনেকে টেন্ডুলকারের উত্তরসূরির তালিকায় বিরাট কোহলিকে রাখার সাহস দেখিয়েছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। কিন্তু সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফর শেষে কোহলির সম্ভাবনা নিয়ে উঠেছে প্রশ্ন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এর চেয়ে বাজে সফর কোহলির আর কখনো এসেছে কি না, সন্দেহ! কি টেস্ট, কি ওয়ানডে-ভারতীয় ব্যাটিং সেনসেশন পুরোই ফ্লপ! ইংলিশ পেসারদের বিপক্ষে কোহলির দুর্বলতা ছিল বড্ড দৃষ্টিকটু। রান পেয়েছেন কেবল টি-টোয়েন্টি ম্যাচে। সে ম্যাচটাও হেরেছে ভারত। দেশে ফেরার পর কোহলিকে ‘সারিয়ে’ তুলতে উদ্যোগী হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এ ‘পুনর্বাসন-প্রক্রিয়ায়’ তিনি পাশে পাচ্ছেন খোদ টেন্ডুলকারকেই।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহায়তায় বৃহস্পতিবার থেকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ইনডোর অনুশীলন করছেন কোহলি। এভাবে অনুশীলন চলবে আরও দু-তিন দিন । ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ একাডেমির ব্যাটিং কোচ লালচাঁদ রাজপুত জানালেন, ‘বিরাট এখানে কঠোর অনুশীলনের জন্য এসেছে। শচীনও সেখানে উপস্থিত ছিল। আগামী দু-তিন দিন একইভাবে সে অনুশীলন করবে।’ সূত্র: জিনিউজ।