কোহলিকে দলে ডাকায় তাঁর চাকরি গিয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিকে জাতীয় দলে নেওয়ার সুপারিশ করেছিলেন ভেংসরকার। ফাইল ছবি
কোহলিকে জাতীয় দলে নেওয়ার সুপারিশ করেছিলেন ভেংসরকার। ফাইল ছবি
>
  • ২০০৮ সালে কোহলিকে জাতীয় দলে ডেকে চাকরি হারিয়েছিলেন ভেংসরকার
  • সেবার শ্রীলঙ্কা সফরে বদ্রিনাথকে স্কোয়াডে দেখতে চেয়েছিলেন শ্রীনিবাসন

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে থাকতেই নজর কেড়েছিলেন বিরাট কোহলি। কিন্তু নির্বাচক কমিটির বৈঠকে ভারতের জাতীয় দলে তাঁকে খেলানোর প্রথম সুপারিশটা করেছিলেন কে? কোহলি–ভক্তরা এ জন্য নিশ্চয়ই সেই সুপারিশকারীর কাছে কৃতজ্ঞ। কিন্তু জানেন কি, কোহলিকে জাতীয় দলে আনার জন্য সুপারিশকারী সেই প্রধান নির্বাচকের চাকরি গিয়েছিল!

২০০৮ সালে শ্রীলঙ্কা সফর সামনে রেখে সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াড গঠনের বৈঠকে বসেছিলেন বিসিসিআই নির্বাচক কমিটি। সেখানে বিরাট কোহলির নাম প্রস্তাব করেছিলেন তখনকার প্রধান নির্বাচক দিলীপ ভেংসরকার। তখনকার কোচ গ্যারি কারস্টেন ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ছিলেন সেখানে। ভেংসরকারের প্রস্তাবকে তাঁরা স্রেফ উড়িয়ে দিয়েছিলেন। কারস্টেন ও ধোনির যুক্তি ছিল, ‘আমরা তাঁর খেলা দেখিনি।’

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে সেসব দিনের কথা স্মরণ করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভেংসরকার। কারস্টেন ও ধোনি ভেটো দিলেও ভেংসরকার কিন্তু দমে যাননি। তাঁর উল্টো যুক্তি ছিল, ‘তোমরা না দেখলেও আমি দেখেছি এবং আমাদের এ ছেলেটাকে (কোহলি) নিতে হবে। সে টেকনিক্যালি বেশ ভালো আর আমরা যেহেতু শ্রীলঙ্কায় যাচ্ছি, তাই তাঁকে দলে ভেড়ানোর এটাই আদর্শ সময়।’

কারস্টেন, ধোনি এবং অন্য নির্বাচকদের নিয়ে সেই বৈঠকের কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় উঠতি খেলোয়াড়দের এক আসরে কোহলির ব্যাটিং দেখেন ভেংসরকার। নিউজিল্যান্ডের বোলারদের কোহলি স্রেফ তুলোধুনো করেছিলেন। মার্টিন গাপটিল, কোরি অ্যান্ডারসন, জেসি রাইডারের মতো খেলোয়াড়েরা ছিলেন সেই দলে।

কোহলিকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে ভেংসরকারকে সমর্থন দিয়েছিলেন তাঁর সতীর্থ নির্বাচকেরাও। এতে ২০০৮ সালের সেই সফরে জাতীয় দলের শিকে ছিঁড়ল কোহলির ভাগ্যে। বাকিটা ইতিহাস!

নেপথ্য নায়ক হিসেবে সেই ইতিহাসের জন্ম নেওয়ার রাস্তা খুলে দিয়েও কিন্তু খেসারত দিতে হয়েছে ভেংসরকারকে। সত্তর, আশির দশকে ভারতীয় দলে ‘কর্নেল’খ্যাত অন্যতম সেরা এ ব্যাটসম্যান এন শ্রীনিবাসনের তোপের মুখে পড়েছিলেন। নির্বাচকদের বৈঠকের এক দিন পর তখনকার বিসিসিআই কোষাধ্যক্ষ শ্রীনিবাসন ভেংসরকারের কাছে কৈফিয়ত চান, সুব্রমানিয়াম বদ্রিনাথকে কেন নেওয়া হলো না?

তামিলনাড়ুর মিডলঅর্ডার ব্যাটসম্যান বদ্রিনাথ ভারতের ঘরোয়া ক্রিকেটে তখন উত্তুঙ্গ ফর্মে। শ্রীলঙ্কা সফরেই তাই বদ্রিনাথকে ধোনিদের সঙ্গে দেখার আশায় ছিলেন অনেকে। ভেংসরকারের ভাষায়, ‘শ্রীনিবাসন ভীষণ চটেছিলেন, কারণ তাঁর খেলোয়াড়কে বাইরে রাখা হয়েছিল আর তাই আমার কাছে জানতে চেয়েছিলেন, বদ্রিকে কেন নেওয়া হয়নি? আমি জবাব দিয়েছিলাম, অস্ট্রেলিয়ায় ইমার্জিং ট্যুরে গিয়ে এই ছেলেটাকে (কোহলি) আমার আলাদা বলে মনে হয়েছে।’

কিন্তু শ্রীনিবাসন তাঁর দাবিতে অনড়। রাগী কণ্ঠে বললেন, ‘তামিলনাড়ুর হয়ে বদ্রি ৮০০ রান করেছে।’ তাঁকে ঠান্ডা করতে ভেংসরকার বোঝালেন, ‘বদ্রি অবশ্যই সুযোগ পাবে।’ কিন্তু শ্রীনির পাল্টা প্রশ্ন, ‘কবে সুযোগ পাবে? সে তো এখনই ২৯ বছরে।’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা বদ্রিনাথ নিজেও সে সময় জাতীয় দলে সুযোগ না পাওয়ার জন্য নির্বাচকদের দুষেছেন। কিন্তু কোহলির সঙ্গে বদ্রিনাথেরও জাতীয় দলে অভিষেক ঘটল সেই শ্রীলঙ্কা সফরেই। কোহলির ওয়ানডে অভিষেক হলো সিরিজের প্রথম ম্যাচে, বদ্রির দ্বিতীয় ম্যাচে শচীন টেন্ডুলকারের বিকল্প হিসেবে!

শ্রীলঙ্কার মাটিতে সেবার প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। দল দেশে ফিরতে না ফিরতেই ভেংসরকার প্রধান নির্বাচকের চাকরি হারিয়েছিলেন। তাঁর ভাষায়, ‘শ্রীকান্ত থেকে শরদ পাওয়ার (তখনকার বিসিসিআই সভাপতি) পর্যন্ত গিয়েছিলেন শ্রীনি এবং আমাকে বাড়ি পাঠিয়ে দেন। নির্বাচক হিসেবে আমার ক্যারিয়ারের সেখানেই সমাপ্তি।’

কোহলি আজ এত দূর উঠে আসার পেছনে ভেংসরকারের অবদান অনেকবারই স্মরণ করেছেন। কিন্তু প্রশ্নটা অন্যখানে। যে বদ্রির জন্য শ্রীনি ভারতের অন্যতম সেরা ক্রিকেট মস্তিস্কের চাকরি খেয়েছিলেন, সেই ব্যাটসম্যান ২ টেস্ট, ৭ ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই হারিয়ে গেছেন। কিন্তু কোহলি? ২৯ বছর বয়সেই ভারতের অধিনায়ক কিন্তু সর্বকালের অন্যতম সেরা হওয়ার পথে!