কোহলিকে দুই দিন আগেই বাড়ি পাঠাল অস্ট্রেলিয়া
বক্সিংডে টেস্টের আগে বেমক্কা এক ‘ঘুষি’!
তাতে ভারতের দিবাস্বপ্ন কি ভাঙবে? ব্যাটিং লাইনআপ কত ভালো, তার অন্যতম মান নির্ণায়ক হলো টেস্ট। সেখানে নিজেদের টেস্ট ইতিহাসে ভুলে থাকা সংখ্যা-টংখ্যা টেনে আনলে দিনঘুম কেটে যাওয়াই স্বাভাবিক। ব্যক্তিগত স্কোরগুলো যে চোখের পাতায় কাঁটা হয়ে বেঁধে, যেন মুঠোফোনের নম্বর! ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০...। শেষ শূন্যটা টেস্টে চার সেঞ্চুরি নিয়ে ব্যাটিংয়ের নয়ে নামা রবিচন্দ্রন অশ্বিনের। এত চওড়া ব্যাটিং লাইনের এই হাল!
অ্যাডিলেড টেস্টে আজ তৃতীয় দিনে ভারত হেরেছে। যেনতেন হার নয়, ব্যবধানটা ৮ উইকেট ও হাতে দুই দিন রেখে। মানে তিন দিনে টেস্ট হেরেছে ভারত।
তাতে বিরাট কোহলির কি একটা ‘লাভ’ হলো?
সন্তান জন্মের সময়ে স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে এই টেস্টের পর বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল ভারত অধিনায়কের। অনেক নাটক দেখা তৃতীয় দিনে টেস্ট জিতে তাঁকে দুই দিন আগেই বাড়ি পাঠিয়ে দিল অস্ট্রেলিয়া!
অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষের নাকানিচুবানি নতুন কিছু নয়। কিন্তু এমন কিছু ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে কল্পনাও করেনি, তা বোঝা যায় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলের টুইটে, ‘এটা দুঃস্বপ্ন না। সত্যি সত্যিই ঘটছে।’
প্যাট কামিন্স কাল পৃথ্বী শকে তুলে নেওয়ার পর সাবধানতা থেকেই ‘নাইটওয়াচম্যান’ যশপ্রীত বুমরাকে পাঠিয়েছিল ভারত। ৯ রানে ১ উইকেট হারানো ভারতের দিন পার করার পর বুমরাকে নিশ্চয়ই পিঠ চাপড়ে দেওয়া হয়েছিল। ৯ উইকেট হাতে রেখে ৬২ রানের লিড। খারাপ কী! বরং আগের দুই ইনিংস দেখে বোঝা যায়, আজ তৃতীয় দিনে আড়াই শর মতো যোগ করতে পারলেই জয়ের সুবাস মিলতে পারে।
কিন্তু আগের দিন এগিয়ে থাকার আনন্দ নিয়ে ঘুমাতে যাওয়া ভারতের পুরো আনন্দটাই আজ সকালে মাটি করে দিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা। ভারতের দ্বিতীয় ইনিংসের জন্য বুঝি নিজেদের সেরাটা জমিয়ে রেখেছিলেন প্যাট কামিন্স-জস হ্যাজলউড। ম্যাচ পরিস্থিতির দাবিও ছিল তা-ই।
আগের ইনিংসে দুই শ পার করতে পারেনি দল। তাই ভারতকে বেঁধে ফেল যত কম রানে পারো! কামিন্স-হ্যাজলউড মিলে নিজেদের এই সামর্থ্য প্রমাণ করেছেন মাত্র ১৫.২ ওভারে।
২১.২ ওভার টিকতে পারা ভারতের দ্বিতীয় ইনিংসে বাকি ৬ ওভার মিচেল স্টার্কের। যাঁকে নিয়ে সম্ভবত অঙ্ক কষতে হয়েছে সবচেয়ে বেশি, কিন্তু পরীক্ষায় কামিন্স ও হ্যাজলউডের প্রশ্নগুলোই ছিল সবচেয়ে কঠিন। কোহলি-পূজারারা তাতে পাস করতে না পারায় আগামী দুই দিন আর অ্যাডিলেডে চোখ রাখার সুযোগ নেই। ওহ, দ্বিতীয় ইনিংসে ভারত কত রানে অলআউট, তা–ই তো বলা হয়নি। ৩৬! টেস্টে ভারতের এক ইনিংসে সর্বনিম্ন রান।
তাতে জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য পেয়েছিল অস্ট্রেলিয়া। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু ওয়েড (৩৩) ও জো বার্নস মিলে ৭০ রানের জুটি গড়ে জয়ের খুব কাছে নিয়ে যান অস্ট্রেলিয়াকে। এই রান তুলতে অস্ট্রেলিয়ার ২ উইকেট পড়ে যাওয়াকে চোখে বিঁধতে দেননি অপরাজিত থাকা বার্নস (৫১*)।
তার আগে হ্যাজলউড ও প্যাট কামিন্স স্রেফ ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। নিখুঁত লাইন ও লেংথের সঙ্গে গতি আর বাউন্সে দুজনে মিলে ভাগ করেছেন ৯ উইকেট। মোহাম্মদ শামি কামিন্সের বলে আঘাত পেয়ে মাঠ না ছাড়লে তাঁকেও হয়তো কেউ ছোঁ মেরে তুলে নিতেন। ২১ রানে ৪ উইকেট নেন কামিন্স। মাত্র ৮ রানে ৫ উইকেট হ্যাজলউডের।
চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত। পরের তিন ম্যাচে কোহলিকে আর পাচ্ছে না সফরকারী দল। ব্যাটিংয়ের স্তম্ভ কোহলি থাকতেই যদি এই অবস্থা হয়, তাহলে পরে কী হতে পারে, এই ভেবে গায়ে কাঁটা দিতে পারে সমর্থকদের।