কোহলিকে নিয়ে আর কথা খুঁজে পাওয়া ভার‍!

বিরাট কোহলি। কাল সেঞ্চুরির পর। ছবি: এএফপি
বিরাট কোহলি। কাল সেঞ্চুরির পর। ছবি: এএফপি
>

বিরাট কোহলি রাঁচিতে কাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নেন। কোহলিকে নিয়ে নতুন আর কীই-বা লেখা যায়? নতুন আর কীই-বা বলা যায়?

আরেকটি নতুন দিন। আরেকটি নতুন ইনিংস। কিন্তু বিরাট কোহলি থেকে যাচ্ছেন আগের মতোই। প্রতিবারই তাঁর ব্যাটিং দেখলে মনে হয়, উইকেটে আসার আগে তাঁর কোনো অর্জনই নেই! প্রতিটি শুরুই নতুন শুরু। রানের জন্য এতটাই ক্ষুধার্ত থাকেন। কালও যেমন অস্ট্রেলিয়ার তিন শর বেশি রান তাড়া করতে নেমে তুলে নিলেন সেঞ্চুরি। ভারত জেতেনি, তবে কোহলি তাঁকে ঘিরে পুরোনো প্রশ্নটি আবারও সামনে নিয়ে এলেন, কে সেরা ব্যাটসম্যান?

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে এই প্রশ্নের জবাব দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেটি কোহলি ৯৫ বলে ১২৩ রানের ইনিংস খেলার সময়। অস্ট্রেলিয়া ৩২ রানে জেতার পরও থামেনি এই আলোচনা। আসলে কাল রাঁচিতে সফরকারী দলের জয় ছাপিয়ে সবার মুখে ফুটেছে কোহলির অবিশ্বাস্য ধারাবাহিকতার স্তুতি। উদাহরণ হিসেবে ওয়ানডেতে তাঁর সবশেষ ২১ ইনিংসের পরিসংখ্যান দেওয়া যায়। ৮ সেঞ্চুরি, চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস, চল্লিশ থেকে পঞ্চাশের আগে আউট হয়েছেন পাঁচবার। বাকি চারটি ইনিংস শুধু চল্লিশের নিচে। এমন অবিশ্বাস্য ধারাবাহিকতা শেষ দেখেছেন কবে?

মাইকেল ভন অবশ্য কোনো উদাহরণের ধার ধারেননি। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বেশ আগে থেকেই কোহলির প্রশংসায় পঞ্চমুখ। কাল ভারতীয় অধিনায়ক সেঞ্চুরির পর ভন নিজেকে আর ধরে রাখতে পারেননি। তাঁর প্রথম টুইটটি ছিল, ‘গোট (জিওএটি) আবারও...#বিরাট।’ খেলাধুলায় ‘গ্রেটেস্ট অব অল টাইম’ কথাটিকে সংক্ষেপে ‘গোট’ বলে থাকেন অনেকে। ভন কোহলিকে নিয়ে ঠিক এ কথাই বলেছেন। কিন্তু তাঁর এই টুইটের সঙ্গে অনেকেই একমত হতে পারেননি। প্রশ্ন ওঠে, ভন কি বোঝাতে চেয়েছেন ব্র্যাডম্যান, টেন্ডুলকার, লারার চেয়েও ভালো কোহলি?

সাবেক ইংলিশ ওপেনার এই প্রশ্নের জবাবে কোনো ব্যাখ্যা দেননি। পরের টুইটে সোজাসাপ্টাই বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে...হ্যাঁ...।’ ভন ছাড়াও কেভিন পিটারসেন, শেন ওয়ার্ন, ইয়ান বেলরা ভূয়সী প্রশংসা করেছেন কোহলির। বেলের টুইট, ‘অন্য মাত্রার! এই লোকটাকে নিয়ে বলতে গেলে এখন আর কথা খুঁজে পাই না।’ বেলের কী দোষ? ওয়ানডেতে টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর মাত্র ৯ সেঞ্চুরির চাই কোহলির। দীর্ঘ ২৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এই রেকর্ড গড়েছেন টেন্ডুলকার। আর ৩০ বছর বয়সী কোহলি এই রেকর্ড ভাঙার সুবাস পাচ্ছেন টেন্ডুলকারের ক্যারিয়ারের অর্ধেক পথ (১১ বছর) এসেই!

শুধু কি তা–ই? রান তাড়ার ক্ষেত্রে কোহলির মুনশিয়ানা কে না জানে! তিন শর বেশি রান তাড়া করতে নেমে এ নিয়ে ৯টি সেঞ্চুরি করলেন কোহলি। ওয়ানডেতে বাকি ব্যাটসম্যানদের ঠিক একই পরিস্থিতিতে যেখানে ৫ সেঞ্চুরির বেশি নেই। কাল ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে রেকর্ডও গড়েছেন ভারতীয় অধিনায়ক। এ সংস্করণে অধিনায়ক হিসেবে দ্রুততম চার হাজার রানের রেকর্ড এখন কোহলির (৬৩ ইনিংস)। এই পথে তিনি ভাঙলেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড (৭৭ ইনিংস)। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৮ সেঞ্চুরির কীর্তিও এখন কোহলির। এই পথে তিনি ভেঙেছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড।

আসলে কোহলি মাঠে নামলেই যেন রেকর্ড ভেঙে পড়ে, কিংবা আগের গড়া রেকর্ডের সঙ্গে বাকিদের ব্যবধান আরেকটু বেড়ে যায়। যেমন ধরুন, ওয়ানডেতে এ পর্যন্ত ২১৭ ইনিংসে কোহলির ব্যাটিং গড় ৬০.০৮। এতগুলো ইনিংস পর্যন্ত ষাটোর্ধ্ব ব্যাটিং গড় ধরে রাখার কীর্তিও কোহলির। এর আগে সর্বোচ্চ ১০৯ ইনিংস পর্যন্ত ষাটোর্ধ্ব ব্যাটিং গড় ধরে রাখতে পেরেছিলেন মাইকেল বেভান। আরেকটি বেশ মজার পরিসংখ্যান—২০১৭ সাল থেকে হিসাব কষলে ওয়ানডেতে এ পর্যন্ত ১৫ সেঞ্চুরি করেছেন কোহলি। পাকিস্তান (১৪), বাংলাদেশ (১৩), ওয়েস্ট ইন্ডিজ (১২) ও শ্রীলঙ্কার (১০) মতো দলগুলো এই সময়ে সেঞ্চুরিতে কোহলিকে ধরতে পারেনি!