কোহলিকে বাংলাদেশ-পাকিস্তানের কথা মনে করিয়ে দিল উইন্ডিজ

আউট হয়ে ফিরছেন বিরাট কোহলিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে সাড়ে ছয় বছরের বেশি সময় কেটে গেছে। ২০১৫ বিশ্বকাপের পর জুনে বাংলাদেশের মাটিতে এসে তিন ওয়ানডের সিরিজ খেলেছিল ভারত, বাংলাদেশের ২-১ ব্যবধানে জেতা সেই সিরিজের তিন ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ১, ২৩ ও ২৫ রান। দ্বিপাক্ষিক সিরিজ হোক বা কোনো টুর্নামেন্ট—এরপর কখনো কোনো সিরিজে অন্তত একটা অর্ধশতক না হাঁকিয়ে থাকেননি কোহলি। ভারতের ব্যাটসম্যানকে আজ সেই স্বাদ আবার মনে করিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের আগের দুই ম্যাচে ৮ ও ১৮ রানে আউট হওয়া কোহলি আজ আহমেদাবাদে সিরিজের তৃতীয় ম্যাচে আউট হয়েছেন ০ রানেই! তবে কোহলির ব্যর্থতার সিরিজে নতুন ইতিহাস গড়েছে আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলা ভারত। শ্রেয়াস আইয়ার (৮০) ও ঋষভ পন্তের (৫৬) অর্ধশতকে ভারত করে ২৬৫ রান, জবাবে আগের দুই ম্যাচের মতোই ব্যাটিংয়ে ধসে পড়া ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৬৯ রানে। এই প্রথম ওয়ানডেতে সিরিজে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করল ভারত।

ওয়েস্ট ইন্ডিজকে ৩–০ ব্যবধানে হারানোর পর ওয়ানডে সিরিজ ট্রফি নিয়ে ভারতের খেলোয়াড়দের উল্লাস
ছবি: এএফপি

কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তো ছিল প্রতিপক্ষের মাটিতে, ভারতের মাটিতে সর্বশেষ কোন সিরিজে কোহলি অর্ধশতক বা শতক ছাড়া ছিলেন? সেখানে জড়িয়ে পাকিস্তান। ২০১২ সালের ডিসেম্বরে নিজেদের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তিন ম্যাচে কোহলি করেছিলেন ০, ৬ ও ৭ রান।

তা বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজের স্মৃতিগুলো কোহলির ক্যারিয়ারে এমন এক সিরিজে ফিরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ, যে সিরিজ কোহলি শুরুই করেছিলেন ওয়ানডেতে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে শচীন টেন্ডুলকারকে পেরিয়ে যাওয়ার হাতছানি নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকারের শতক ৯টি, এই সিরিজে একটি শতক পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির শতক হতো ১০টি। তিন সংস্করণেই ভারতের অধিনায়কত্ব ছাড়ার পর তাঁর প্রথম সিরিজ বলে ব্যাটসম্যান কোহলিকে ঘিরে আগ্রহটা বেশিই ছিল।

ম্যাচ শেষ, ৩–০তে সিরিজ জিতেছে ভারত। মাঠ ছাড়ার সময় তাই উচ্ছ্বসিত রোহিত শর্মারা
ছবি: এএফপি

আজ কোহলি যখন ফিরেছেন, ভারতের বিপক্ষে তখন বোলিংয়ে দারুণ শুরুর আনন্দ ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ ওভারে আলজারি জোসেফ দুই বলের ব্যবধানে ফেরান রোহিত শর্মা ও কোহলিকে। দশম ওভারে ফেরেন ধাওয়ানও। ৪২ রানে ৩ উইকেট হারানো ভারতকে ম্যাচে ফেরায় চতুর্থ উইকেটে আইয়ার-পন্তের ১২৩ বলে ১১০ রানের জুটি। শেষ দিকে বড় অবদান রেখেছে ওয়াশিংটন সুন্দর (৩৩) ও দীপক চাহারের (৩৮) দুটি ক্যামিও। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার ৪ উইকেট নিয়েছেন ৩৪ রান দিয়ে।

জবাবে সিরাজ-কৃষ্ণাদের তোপের মুখে ৮২ রানেই ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন বোলার জোসেফ, ওডিন স্মিথ ও হেইডেন ওয়ালশ মিলেই করেছেন ৭৮ রান। স্মিথের বাইরে ৩০ পেরিয়েছেন শুধু অধিনায়ক পুরান (৩৪)।