কোহলিকে বিশাল ব্যবধানে হারিয়ে বছর শেষ স্মিথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশেজে রান উৎসব চলছে স্টিভেন স্মিথের। র‍্যাঙ্কিংয়েও পড়েছে তার প্রভাব। ছবি: এএফপি
অ্যাশেজে রান উৎসব চলছে স্টিভেন স্মিথের। র‍্যাঙ্কিংয়েও পড়েছে তার প্রভাব। ছবি: এএফপি

সেরা ব্যাটসম্যানের প্রশ্নে এত দিন বিরাট কোহলি-স্টিভেন স্মিথের নামই উঠে এসেছে। কিছুদিন আগে শেন ওয়ার্ন বলেছিলেন, তিন সংস্করণ মিলিয়ে কোহলি সেরা হলেও টেস্টে স্মিথই এগিয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়েও ভারতীয় অধিনায়কের চেয়ে এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। গত বছরের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৫৪ রেটিং পয়েন্ট!

আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিং সর্বশেষ হালনাগাদ করেছে গত ৩০ ডিসেম্বর। সেখানে ক্যারিয়ারসেরা ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে স্মিথ। ৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় কোহলি। মেলবোর্নে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে স্মিথের সেঞ্চুরি যে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে প্রভাব রেখেছে, তা বলাই বাহুল্য। এর আগে গত ১৮ ডিসেম্বর হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৯৩৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন স্মিথ। অর্থাৎ মেলবোর্নে সেঞ্চুরি করে কোহলির সঙ্গে ৪৫ পয়েন্টের ব্যবধানকে ৫৪ পয়েন্টে উন্নীত করে বছর শেষ করলেন তিনি।

কোহলিকে বিশাল ব্যবধানে হারিয়ে স্মিথ বছর শেষ করলেও ছুঁতে পারেননি স্যার ডন ব্র্যাডম্যানের কীর্তিকে। র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বোচ্চ ৯৬১ রেটিং পয়েন্ট পেয়েছিলেন স্যার ডন। স্মিথ তাঁর নিকটতম ব্যাটসম্যান, মানে র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট অর্জনের ইতিহাসে শুধু স্যার ডনই স্মিথের ওপরে। বছরের সর্বশেষ এ র‍্যাঙ্কিংয়ে পরবর্তী তিন ব্যাটসম্যান যথাক্রমে—চেতেশ্বর পূজারা (৮৭৩ পয়েন্ট), কেন উইলিয়ামসন (৮৫৫ পয়েন্ট) ও জো রুট (৮৫৫ পয়েন্ট)।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন (৮৯২ পয়েন্ট)। পরবর্তী চার বোলার যথাক্রমে—কাগিসো রাবাদা (৮৮৩ রেটিং পয়েন্ট), রবীন্দ্র জাদেজা (৮৭০ রেটিং পয়েন্ট), রবিচন্দ্রন অশ্বিন (৮২৯ রেটিং পয়েন্ট), জস হ্যাজেলউড (৮১৯ রেটিং পয়েন্ট)।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে না থাকলেও টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৪৩৭। জাদেজা ৪১৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়। সাকিব টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশিদের মধ্যে যৌথভাবে শীর্ষে আছেন। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ২০-এ তামিমের সঙ্গে জায়গা ভাগ করে নিচ্ছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যেও টেস্টে সাকিব সবার সামনে। ১৮ নম্বরে।

            টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ

     খেলোয়াড়

   দেশ

রেটিং পয়েন্ট

স্টিভেন স্মিথ

অস্ট্রেলিয়া

৯৪৭

বিরাট কোহলি

ভারত

৮৯৩

চেতেশ্বর পূজারা

ভারত

৮৭৩

কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড

৮৫৫

জো রুট

ইংল্যান্ড

৮৫৫