কোহলিকে ভালোবেসে জেলে
বড় প্রেম শুধু কাছেই টানে না, অনেককে জেলেও পুরে দেয়! উমর দ্রাজের অভিজ্ঞতা অন্তত সে রকমই। ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির ভক্ত হওয়ায় পাকিস্তানের এই ক্রিকেটপ্রেমীর বিরুদ্ধে হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা, কারাগারেও যেতে হয়েছে তাঁকে।
ঘটনাটি ঘটেছে লাহোরের ওকারায়। কোহলির নামে দ্রাজ এতটাই পাগল যে পরশু ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের দিন তাঁর বাড়ির ছাদে তুলে ফেলেন ভারতীয় পতাকা! ভারতের প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানে এক আমজনতার বাড়ির ছাদে ভারতীয় পতাকা! আর যায় কোথায়? এই অপরাধে গ্রেপ্তার হতে হয়েছে এই ক্রিকেটপ্রেমীকে। তাঁর বিরুদ্ধে জনশৃঙ্খলা আইনে মামলা হয়েছে। পুলিশি রিমান্ডেও নেওয়া হয়েছে তাঁকে।
বাড়ির ছাদে ভারতীয় পতাকা দেখে প্রতিবেশীরাই ব্যাপারটা পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি ভারতীয় পতাকা ও কোহলির বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করে পুলিশ। রিমান্ডে দ্রাজ নিজেকে কোহলির ‘পাগল ভক্ত’ হিসেবে দাবি করেছেন। তবে পাকিস্তানি নাগরিক হয়ে বাড়ির ছাদে ভারতীয় পতাকা তোলার ব্যাপারে অবশ্য সবার কাছে ক্ষমাই চেয়েছেন। বলেছেন, কোহলির ভক্ত হওয়ায় আবেগের আতিশয্যে এমনটা করে ফেলেছেন। এটা যে অপরাধ হতে পারে তিনি বুঝতে পারেননি। তাঁকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তিনি ভারতীয় ক্রিকেটের একজন ভক্ত, কোনো গুপ্তচর নন! পিটিআই।