কোহলিকে ভিভ-পুত্রের উপহার

পুরো রিচার্ডস পরিবারই দেখা যাচ্ছে বিরাট কোহলির ব্যাটিংয়ের গুণমুগ্ধ দর্শক! ভিভ রিচার্ডসের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি অনেকবারই ভারতের টেস্ট অধিনায়কের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। এবার বাবার পথ ধরলেন ছেলে মালি রিচার্ডসও। অ্যান্টিগা টেস্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির জন্য কোহলিকে তাঁরই ইনিংসের একটি মুহূর্তের চিত্রকর্ম উপহার দিয়েছেন ভিভ-পুত্র।
ক্রিকেটে বাবার পথে হাঁটতে পারেননি। ভিভ রিচার্ডস যে পথে ছুটেছেন দিগ্বিজয়ীর মতো, মালির সে পথটা শুরু হওয়ার আগেই গেছে অন্যদিকে বেঁকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলার পর ব্যাট-প্যাড রেখে হাতে তুলে নিয়েছেন রং-তুলি। ‘হাউস অব ক্রিয়েটিভিটি’ নামের একটা আর্ট গ্যালারিও আছে তাঁর। প্রতিভার প্রমাণ হয়ে রইল এই ছবিটিও। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে কোহলির ডাবল সেঞ্চুরি, সেটিও আবার বাবার নামের স্টেডিয়ামে—বন্ধুকে সঙ্গে নিয়ে মালি স্মৃতিটাকে ধরে রাখলেন তুলির আঁচড়ে। আইএএনএস।
বিসিসিআই টিভিকে পরে ৩২ বছর বয়সী মালি বলেছেন, ‘যেহেতু সে অ্যান্টিগাতেই তার প্রথম ডাবল সেঞ্চুরি করেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটিকে স্মরণীয় করে রাখব। পুরো ছবিটাই এক দিনের মধ্যে আঁকা শেষ করে এখানে এসেছি ওকে সেটি উপহার দিতে।’