কোহলিকে সরিয়ে ওয়ানডেতেও ভারতের অধিনায়ক রোহিত

কোহলিকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়কও নির্বাচিত করা হলো রোহিতকেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন, টুর্নামেন্টের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্বের পদ ছেড়ে দেবেন। এরপর তাঁর জায়গায় রোহিত শর্মার নাম ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ওয়ানডে নেতৃত্বও হারালেন কোহলি।

টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেতেও ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, আজ এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। টেস্টের সহ-অধিনায়ক হিসেবেও রোহিতের নাম ঘোষণা করা হয়েছে। টেস্টের অধিনায়ক কোহলিই থাকছেন।

আজ দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। এ সফরে তিনটি ওয়ানডেও খেলবে ভারত। ওয়ানডে দল এখনো ঘোষণা করা না হলেও রোহিত টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও ভারতের অধিনায়কত্ব করবেন বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে।

২০১৩ ও ২০১৪ সালে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা কোহলি ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব পাকাপাকিভাবে পেয়েছিলেন ২০১৭ সালে। তাঁর অধীনে সব মিলিয়ে ভারত খেলেছে ৯৫টি ম্যাচ, এর মধ্যে জিতেছে ৬৫টিতে।

টেস্টের অধিনায়ক কোহলিই থাকছেন
ছবি: এএফপি

এ সংস্করণে কোহলির চেয়ে বেশি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনজন—মহেন্দ্র সিং ধোনি (২০০), মোহাম্মদ আজহারউদ্দিন (১৭৪) ও সৌরভ গাঙ্গুলী (১৪৬)। কোহলির নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ভারত।

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে কোহলি-যুগ শেষ হলেও টেস্ট দলের নেতৃত্বে থাকছেন তিনিই। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে কোহলির সহকারী হিসেবে থাকবেন রোহিত। এর আগে এ দায়িত্ব পালন করেছেন অজিঙ্কা রাহানে। কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজও জিতিয়েছিলেন রাহানে। তবে সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছে না তাঁর।

কোচ দ্রাবিড়, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক রোহিত...ভারতের ক্রিকেট নতুন পথচলাই শুরু করছে
ছবি: বিসিসিআই

ওয়ানডে অধিনায়কত্বের বদল আনার ঘোষণা দেওয়া বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করেছে বিসিসিআই। এমনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন রোহিত, তিনি ফিরছেন দক্ষিণ আফ্রিকা সফরের দলে। তাঁর সঙ্গে ১৮ জনের দলে ফিরেছেন চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাইরে থাকা লোকেশ রাহুলও।

দলে ফিরেছেন ঋষভ পন্ত, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামিও। চোটের কারণে রাখা হয়নি রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শুবমান গিল ও রাহুল চাহারকে। বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। জায়গা ধরে রেখেছেন স্পিনার জয়ন্ত যাদব। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া শার্দুল ঠাকুরকেও ফেরানো হয়েছে দলে। এসেছেন হনুমা বিহারীও।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, যশপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।

স্ট্যান্ডবাই: নবদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার, আরজান নাগওয়াসওয়ালা।