কোহলিকে 'বকে দিয়েছে' বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যমের সঙ্গে বাজে আচরণ না করতে কোহলিকে সতর্ক করেছে বিসিসিআই। ছবি: এএফপি
সংবাদমাধ্যমের সঙ্গে বাজে আচরণ না করতে কোহলিকে সতর্ক করেছে বিসিসিআই। ছবি: এএফপি

‘আমার মনে হয়, গত মঙ্গলবারের ঘটনায় বিরাট কোহলি আরেকটু পরিণত আচরণ করতে পারত’—কথাটা অস্ট্রেলীয় কিংবদন্তি স্টিভ ওয়াহর। কোন ঘটনায় তিনি কোহলির ‘পরিণত আচরণের’ কথা বলেছেন, নিশ্চয় জানা। ‘ভুল’ করে এক সাংবাদিককে গালাগাল করার ভালোই খেসারত দিতে হচ্ছে ভারতীয় ব্যাটিং সেনসেশনকে। কোহলি-কাণ্ডের সর্বশেষ খবর হলো, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ব্যাপারে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেটের হালের এই সুপারস্টারকে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিসিসিআইয়ের নতুন সচিব অনুরাগ ঠাকুর বলেছেন, ‘সংশ্লিষ্ট ক্রিকেটারকে জানানো হয়েছে, ভারতীয় দলের সম্মান সব সময় অক্ষুণ্ন রাখতে হবে। দুদিন আগে পার্থে যে ঘটনা ঘটেছে, তা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল বিসিসিআই। টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ ব্যাপারে বোর্ডের কথা হয়েছে। বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

বিসিসিআই-সচিব সংবাদমাধ্যমের গুরুত্বের কথাও স্বীকার করেছেন বিবৃতিতে, ‘ক্রিকেট খেলাকে প্রচার ও একে জনপ্রিয় করতে সংবাদমাধ্যমের ভূমিকাকে বিসিসিআই সম্মান করে। ভারতে খেলাটার প্রচারের ক্ষেত্রে মিডিয়ার সমর্থনকেও স্বীকার করে। সংশ্লিষ্ট সবাইকে বিসিসিআইকে অনুরোধ করছে, চলতি আইসিসি বিশ্বকাপে ভারতীয় দলের অভিযানেই মনোযোগ দেওয়া হোক।’

একই অভিমত ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার ও ভিভিএস লক্ষ্মণেরও। লক্ষ্মণ কোহলিকে পরামর্শ দিয়েছেন ওই সাংবাদিকের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নিতে, ‘আমার মনে হয় পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে কোহলি গিয়ে বলতে পারে, “অন্য সাংবাদিক ভেবে একটা ভুল করে ফেলেছি।” তাহলেই ঘটনা মিটে যেতে পারে।’ তথ্যসূত্র: আইএনএস ও পিটিআই।