কোহলিকেই অধিনায়ক চান চ্যাপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি
বিরাট কোহলি

চোটের কারণে মাইকেল ক্লার্ক থাকছেন না। ব্রিসবেনে বুধবার থেকে শুরু পরের টেস্টে তাই অস্ট্রেলিয়া খেলবে নতুন অধিনায়কের অধীনে। নেতৃত্ব বদলাচ্ছে ভারতীয় দলেরও। পুরোনো অধিনায়ককেই ফিরে পাচ্ছে ভারত। চোট কাটিয়ে ব্রিসবেনেই দল ফিরছেন নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও অ্যাডিলেডে সাদা পোশাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া বিরাট কোহলির নেতৃত্বে মুগ্ধ ইয়ান চ্যাপেল। কোহলিকেই নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক।
অ্যাডিলেড টেস্টের পর ক্রিকইনফোতে নিজের কলামে চ্যাপেল ভাইদের বড়জন লিখেছেন, ‘সাড়ে তিন বছর ধরে কোহলির পারফরম্যান্স নিয়ে যদি ভারতের নির্বাচকেরা ভেবে দেখেন, তাহলে তাঁরা বুঝতে পারবেন তাকে স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার এটাই উপযুক্ত সময়। কোনো সন্দেহ নেই যে ধোনি টেস্ট অধিনায়ক হিসেবে তার সেরা সময়টা পেরিয়ে এসেছে। ফলে নেতৃত্বে এখনই পরিবর্তন আনা উচিত।’
অ্যাডিলেডে কোহলির লড়াকু মানসিকতার প্রশংসা করে চ্যাপেল লিখেছেন, ‘সে নিজে দুর্দান্ত খেলেছে, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তরুণ সতীর্থদের তাতিয়ে রেখেছে। ব্রায়ান লারা যেমন সিডনিতে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির পর মেয়ের নাম রেখেছিল “সিডনি”, কোহলির অনাগত সন্তানের নাম “অ্যাডিলেড” রাখার পক্ষেও থাকবে অনেক কারণ।’
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে জোড়া সেঞ্চুরি করা কোহলি অবশ্য অধিনায়কত্ব নিয়ে খুব একটা ভাবেন না। বরং নিয়মিত অধিনায়ককে ফিরে পেয়ে বেশ আনন্দিত তিনি, ‘আমি খুব খুশি যে এম এস (ধোনি) ফিট হয়ে এসে দ্বিতীয় টেস্টে আমাদের নেতৃত্ব দেবে। তবে আমি এখানে ছেলেদের যেভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যেভাবে ওদের সঙ্গে কথা বলেছি, পরের টেস্টগুলোতেও সেভাবেই বলব। তার জন্য আমার নামের পাশে একটা ‘সি’ (ক্যাপ্টেন) লেখা আছে না নেই, সেটা আমার কাছে কোনো ব্যাপার নয়।’ ক্রিকইনফো।