কোহলিতে ম্যারাডোনার ছায়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ফুটবলপ্রীতির কথা প্রায় সবারই জানা। অনেকেই জানেন ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে তাঁর মুগ্ধতার কথাও। তিনি সৌরভ গাঙ্গুলী—ভারতের অন্যতম সফল টেস্ট অধিনায়ক। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ টেনে এনেছেন ম্যারাডোনার প্রসঙ্গ। কোহলির মধ্যে ম্যারাডোনার ছায়া দেখছেন সাবেক ভারতীয় অধিনায়ক!
সেটা কীভাবে? সৌরভ ব্যাখ্যা করেছেন, ‘ম্যারাডোনা আমার অন্যতম প্রিয় ক্রীড়াব্যক্তিত্ব। সব সময় দেখেছি, ফুটবলটা তিনি খেলতেন হৃদয় দিয়ে। একই জিনিস দেখতে পাবেন কোহলির মধ্যেও। তার শরীরী ভাষা ভীষণ পছন্দ করি। আমি কোহলির বিরাট ভক্ত।’
এখানেই থেমে যাননি সৌরভ, ‘মাঠের বাইরেও তাকে সমান পছন্দ করি। সেটা আবেগের জন্যই। কোহলির ওপর অগাধ আস্থা। তাকে মাঠে কিংবা টিভিতে যেখানেই দেখি না কেন, সে আমাকে বিরাট আত্মবিশ্বাস দেয়।’
শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও কোহলির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সৌরভ, ‘সে সাফল্যের জন্য ক্ষুধার্ত, জিততে চায়। আবারও অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পেয়েছে। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত চার টেস্টে চার সেঞ্চুরি। এটা দারুণ লক্ষণ।’
প্রসঙ্গ শুধু কোহলি নয়, টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সৌরভ কথা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলা কুমার সাঙ্গাকারা ও মাইকেল ক্লার্ককে নিয়ে। শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারার উচ্ছ্বসিত প্রশংসা করে সৌরভ বলেছেন, ‘এরই মধ্যে মাহেলা জয়াবর্ধনের বিদায়ে শ্রীলঙ্কান ক্রিকেটে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি আমরা দেখেছি। সেটা আরও বড় হবে সাঙ্গাকারার বিদায়ে। এই শূন্যতা পূরণ সহজ হবে না। একই সঙ্গে আপনাকে এটাও মনে রাখতে হবে, সাঙ্গাকারাও এক দিনে সাঙ্গাকারা হয়নি। সাঙ্গাকারা, টেন্ডুলকার কিংবা দ্রাবিড়—এদের মতো খেলোয়াড় এক দিনে হয় না। তরুণ যারা আসবে তাদের ১০-১২ বছর সময় দিতে হবে।’
সৌরভ প্রশংসা করেছেন বিদায়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কেরও। সৌরভের চোখে ক্লার্কের ফর্মে না থাকাটা অস্ট্রেলিয়ার অ্যাশেজ হারের অন্যতম কারণ, ‘সে দীর্ঘদিন সব ধরনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংস্তম্ভ হয়ে ছিল।’ টাইমস অব ইন্ডিয়া।