কোহলিদের কাঁধে ৩৩৮ রানের বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ৩৩৭ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন বেন স্টোকস। ছবি: রয়টার্স
৫৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ৩৩৭ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন বেন স্টোকস। ছবি: রয়টার্স
>৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৭ তুলেছে ইংল্যান্ড। বিশ্বকাপে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। জিততে হলে তাই রেকর্ডই করতে হবে কোহলিদের।

৩০ ওভার শেষেও ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ২০২। চার শ না হোক, অন্তত সাড়ে তিন শ পেরোনো স্কোর হওয়াটা একদমই অসম্ভব মনে হচ্ছিল না তখন। কিন্তু ইনিংসের শেষভাগে ভারতকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছেন বোলাররা। যেভাবে শুরু করেছিল, ইনিংস শেষে সে তুলনায় রানটা একটু কমই হয়েছে ইংল্যান্ডের। ৫০ ওভার শেষে থেমেছে ৭ উইকেটে ৩৩৭ রানে।

জেসন রয় ও জনি বেয়ারস্টো যতক্ষণ উইকেটে ছিলেন, দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে বেদম মেরেছেন। তবে ভারতকে ম্যাচে ফেরানোর প্রাথমিক কৃতিত্বটাও এ দুজনই পাবেন। ১৬০ রানের ওপেনিং জুটিও ভেঙেছেন কুলদীপ। যদিও আউটটির পেছনে কুলদীপের চেয়ে রবীন্দ্র জাদেজার অবদানই বেশি। লং অন দিয়ে সজোরে হাঁকিয়েছিলেন রয়, বাউন্ডারিতে দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন লোকেশ রাহুলের বদলে ফিল্ডিংয়ে নামা জাদেজা।

রয়ের আঊটের পরই ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ভারত। ৩১ থেকে ৩৫- এ পাঁচ ওভারে রান এসেছে মাত্র ৯। ইনিংসের একপর্যায়ে ৬২ বলে কোনো বাউন্ডারি মারতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। তবে ৩৮তম ওভার থেকে আবার আক্রমণাত্মক হতে শুরু করে ইংল্যান্ড। এর কৃতিত্বটা পাবেন বেন স্টোকস। জো রুট হাত খুলতে পারছিলেন না বলে চাপ বাড়ছিল ইংলিশদের ওপর। ৫৪ বলে ৭৯ রানের অসাধারণ ইনিংসে সে চাপ দূর করেছেন স্টোকস।

এজবাস্টনে আজ ইংল্যান্ডের ব্যাটিংয়ের প্রাণ ছিলেন বেয়ারস্টো। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া বেয়ারস্টো ছিলেন সেরা ছন্দে। ১১১ রানের ইনিংস খেলে ফিরেছেন মোহাম্মদ শামির বলে। আরেক ওপেনার জেসন রয়ও বুঝিয়েছেন নিজের গুরুত্ব। চোট কাটিয়ে দলে ফেরা রয় করেছেন ৫৭ বলে ৬৬।

সময়ের অন্যতম বিধ্বংসী ফিনিশার মানা হচ্ছে যাকে, সেই জস বাটলারের জন্য আজ সাজানো ছিল আদর্শ মঞ্চ। রুটের বিদায়ের পর যখন উইকেটে নামছেন, হাতে তখনো পাক্কা ৬ ওভার, বাটলারের জন্য আদর্শ মঞ্চ। কিন্তু কিছুটা হতাশই করলেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পেটানো শুরু করেও শেষ পর্যন্ত থাকতে পারেননি। ৭ বলে ২০ রান তুলে ফেলেছিলেন, কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাঁকেও ফিরিয়েছেন শামি।

শেষ দশ ওভারে ৯২ রান তুলেছে ইংল্যান্ড। উঠতে পারত আরও বেশি রান। তবে সেটি হতে দেননি যশপ্রীত বুমরা। বুমরা আজও ছিলেন বরাবরের মতোই দুর্দান্ত। বাকি বোলাররা যেখানে দেদারসে রান বিলিয়েছেন, বুমরা সেখানে ছিলেন ভীষণ কৃপণ। উইকেট পেয়েছেন মোটে একটি, তবে ১০ ওভারে রান দিয়েছেন মাত্র ৪৪।

বুমরা বেশি উইকেট না পেলেও ভারতকে উইকেটের জন্য হাপিত্যেশ করতে হয়নি। অপর পাশে শামি ছিলেন যে! ভুবনেশ্বর কুমারের চোটের কারণে একাদশে সুযোগ পাওয়া শামি নিজেকে চিনিয়ে যাচ্ছেন প্রতি ম্যাচেই। আগের দুই ম্যাচে পেয়েছিলেন ৪টি করে উইকেট। আজ ৫ উইকেট না পেয়ে থামেননি। এ নিয়ে টুর্নামেন্টে মাত্র ৩ ম্যাচ খেলেই ১৩ উইকেট হয়ে গেছে ডানহাতি এ পেসারের। বাটলার ও ওকসকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। হ্যাটট্রিক বলে উল্টো চার খেয়েছেন স্টোকসের কাছে। ডেথ ওভারে ৩ উইকেট পেয়েছেন বটে, তবে রানও দিয়েছেন। শেষ দুই ওভারেই দিয়েছেন ৩২ রান।

মুক্তহস্তে রান বিলিয়েছেন চাহালও। এতে করে অস্বস্তির এক রেকর্ডও সঙ্গী হয়েছে এ লেগ স্পিনারের। চাহালের ১০ ওভার থেকে ৮৮ রান তুলেছে ইংল্যান্ড, বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা জাভাগাল শ্রীনাথের থেকে কেড়ে নিয়েছেন তিনি। এর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ৮৭ রান দিয়েছিলেন শ্রীনাথ।

জিততে হলে ভারতকে করতে হবে বিশ্ব রেকর্ড। ক্রিকেট বিশ্বকাপে এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। এজবাস্টনের রেকর্ডও থাকবে ভারতের বিপক্ষে। ২০১৪ সালের পর বার্মিংহামের এ মাঠে হারেনি ইংল্যান্ড। ২০১৪ সালের পর টানা তিন ওয়ানডেতেও কখনো হারেনি ইংলিশরা। চাইলে অবশ্য ইতিহাস থেকেই অনুপ্রেরণা নিতে পারেন কোহলিরা। এ মাঠে সবশেষ যে দলের কাছে হেরেছিল ইংল্যান্ড, সে দলটি কিন্তু ভারত!