কোহলিদের কাছে প্রশ্ন, খেলতে গিয়ে বেড়ানো কেন?

দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। ৫ জুন সাউদাম্পটনে হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদের তুলনায় একটু দেরিতেই শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ। বাড়তি এই সময়টা কাজে লাগিয়ে ফুরফুরে মেজাজে থাকার জন্য শুক্রবার ঘুরে বেড়িয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
বড় টুর্নামেন্টে মাঠে নামার আগে ক্লান্তি ও মানসিক চাপ কমানোর জন্য এমন পদ্ধতি অনেক দলই অনুসরণ করে। কিন্তু এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বিদ্রূপের শিকার হতে হচ্ছে ধোনি-কোহলিদের। হাসিমুখের ধোনিদের ছবির নিচে সমর্থকদের সরাসরি প্রশ্ন, খেলতে গিয়ে ঘুরে বেড়ানো কেন?
টানা খেলতে খেলতে ক্লান্ত ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্বকাপে খেলতে গিয়ে বাংলাদেশের সঙ্গে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচও। মাশরাফি বাহিনীর বিপক্ষে ৯৫ রানের জয় নিয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছে তাদের। কিন্তু টানা খেলার ধকল তো থেকেই যায়। তাই ব্যাট বল রেখে গতকাল দল বেঁধে ঘুরতে বেরিয়েছিলেন কোহলি বাহিনী। ট্রাউজার-ট্র্যাকশুটের বালাই ছিল না, গায়ে ছিল পেইন্টবল পোশাক। ধোনিদের সেই হাস্যোজ্জ্বল চেহারা ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের টুইটারে পোস্ট করতেই সমর্থকেরা বিদ্রূপ শুরু হয়।
ছবির নিচে অনেকের মন্তব্য অনুশীলন না করে এই সব করছে কেন ভারতীয় দল? অনেকের আবার সংশয় এই কারণেই না বিশ্বকাপে ম্যাচ হেরে যেতে হয় ভারতকে। অভিষেক নামে এক দর্শক তো কোহলিদের রীতিমতো মনে করিয়ে দিয়েছেন, ‘ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠানো হয়েছে বিশ্বকাপ খেলার জন্য। মজা করার জন্য নয়।’
২০১৯ বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছে। নিশ্চয় দ্বিতীয় ম্যাচে জিতে টুর্নামেন্টে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে ফাফ ডু প্লেসিরা। আর ভারত তো চাইবেই জয় দিয়ে বিশ্বকাপ সূচনায় রং দিতে। সে তো সবাই চাই। কিন্তু কোহলি বাহিনী একটু পা হরকালেই সমর্থকদের থেকে শুনতে হতে পারে অনুশীলন বাদ দিয়ে খুব তো ‘ডে আউট’ করে বেরিয়েছ!