কোহলিদের কোচ হতে চান ম্যাকডারমট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকডারমট
ম্যাকডারমট

অনিল কুম্বলের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির পরই। ওদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর দ্বন্দ্বের খবরে তোলপাড়। দুয়ে মিলে মনে হচ্ছে নতুন কেউই কোচ হবেন ভারতের। সেই চাকরিটা পাওয়ার জন্য এবার আবেদন করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ক্রেগ ম্যাকডারমট।

গত মাসে বিসিসিআই কোচ চেয়ে বিজ্ঞাপন দেওয়ার সময় অবশ্য বলেছে, বর্তমান কোচ অনিল কুম্বলেকেও আবার বিবেচনা করা হবে। তবে নতুন কোচ হিসেবে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ার কোচ টম মুডি ও রিচার্ড পাইবাসের নামও শোনা যাচ্ছে। ম্যাকডারমট ভারতের কোচ হতে চেয়ে আবেদন করার ব্যাপারটি নিশ্চিত করে বলেছেন, ‘প্রায় বছরখানেক আমি কোচিংয়ের বাইরে আছি। তবে আবার কোচিংয়ে ফিরতে চাই। ভারতে আমি সময়টা বেশ উপভোগ করেছি। এখন ভারতীয় ক্রিকেটকে ভালো কিছু দিতে চাই।’

৭১ টেস্টে ২৯১ উইকেট পাওয়া ম্যাকডারমট ২০১৩-১৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার বোলিং কোচ ছিলেন। ওই সময়ে অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে আরও ধারালোই করে তুলেছিলেন তিনি। রয়টার্স।