কোহলিদের কোচ হয়ে যেতে পারেন শেবাগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ হিসেবে শেবাগের উপস্থাপনা পছন্দ হয়েছে উপদেষ্টা কমিটির। ফাইল ছবি
কোচ হিসেবে শেবাগের উপস্থাপনা পছন্দ হয়েছে উপদেষ্টা কমিটির। ফাইল ছবি

অনিল কুম্বলের উত্তরসূরি কে হবেন, সেটি কালই ঘোষণা করে দেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটির। সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটি তা পিছিয়ে দিয়েছে। সামনেই ভারতের শ্রীলঙ্কা সফর, তাই এখনই নতুন কোচিং স্টাফ নিয়োগ না করে একটু সময় নিতে চাইছেন তাঁরা। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলে নিতে চাইছেন এই সাবেক তারকা-ত্রয়ী।

কাল কোচের পদে পাঁচ প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছেন তাঁরা। রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাস ও টম মুডি—উপদেষ্টা কমিটি খুশি পাঁচজনের উপস্থাপনাতেই। তবে ভারতীয় গণমাধ্যমে কোচ হিসেবে শাস্ত্রীর নিয়োগের সম্ভাবনা বেশি বলা হলেও গতকালের সাক্ষাৎকার পর্বের পর অন্য কিছু ঘটে গেলেও যেতে পারে।

ক্রিকেট নেক্সট ডটকম জানিয়েছে, বোর্ডের উপদেষ্টা কমিটি রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ ও টম মুডির মধ্যে যেকোনো একজনকে কোচ হিসেবে বেছে নেবে। শাস্ত্রী শক্তিশালী প্রার্থী এখনো। তবে অনেকটা কৌতুক করে দুই বাক্যে আবেদন করা শেবাগ কাল নাকি তাঁর ভাবনা উপস্থাপনের সময় ছিলেন একেবারে অন্য রকম চেহারায়।

শেবাগের সাক্ষাৎকার উপদেষ্টা কমিটিকে মুগ্ধ করেছে। ভারতের সাবেক ওপেনিং ব্যাটসম্যান ২০১৯ বিশ্বকাপ নিয়ে নিজের যে ভাবনাটা উপস্থাপন করেছেন, সেটি মনে ধরেছে সৌরভ-শচীন ও লক্ষ্মণদের। এই একটি ব্যাপারেই শেবাগ নাকি কাল কোচের পদে এগিয়ে গেছেন অন্যদের চেয়ে।

শেবাগকে জিজ্ঞেস করা হয়েছিল, কোচ হলে অধিনায়ক কোহলিকে তিনি কীভাবে সামলাবেন? শেবাগ বলেছেন, তাঁর কাছে অধিনায়ক সব সময়ই মাঠের ‘মার্শাল জেনারেল’ আর কোচ পর্দার পেছনের চরিত্র। কোচ ও অধিনায়কের ভাবনার সমন্বয়ের ওপরই তাঁর জোর থাকবে বেশি।

শাস্ত্রীকে নিয়েও সন্তুষ্ট উপদেষ্টা কমিটি। তবে কোচ হিসেবে তাঁকে পেতে কোহলি ও ভারতীয় দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটারের অতি-আগ্রহ শাস্ত্রীর জন্য কাল হতে পারে। সবকিছু কোহলির পছন্দমতো যে হবে না, তা কাল সৌরভ আরও একবার স্পষ্ট করে দিয়েছেন।

কোহলির সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। তাঁর কাছে তুলে ধরা হবে বিভিন্ন দিক। তবে কোহলি যদি শাস্ত্রীর ব্যাপারে গোঁ ধরেন, তাহলে অধিনায়কের মত থেকে সরে আসতে পারে উপদেষ্টা কমিটি। আর এটাই খুলে দিতে পারে শেবাগের কপাল।