কোহলিদের জন্য বিসিসিআইয়ের নিজস্ব বিমান?

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরলেও বিরাট কোহলিদের দু-দণ্ড বিশ্রাম নেওয়ার জো নেই। চলতি মাস থেকে ডিসেম্বরের মধ্যে ঘরের মাঠে রেকর্ড ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল। কোহলিরা বিশ্রাম নেবেন কখন!
রবি শাস্ত্রী তাই বেশ বিরক্ত। বিসিসিআইয়ের কাছে ভারতীয় দলের এ হেড কোচের অনুরোধ, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচের সূচি এমনভাবে নির্ধারণ করা হোক যেন পর্যাপ্ত বিশ্রাম পায় খেলোয়াড় ও কোচিং স্টাফ। এবার বিসিসিআইকে বিকল্প পরামর্শ দিলেন ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব, ‘খেলোয়াড়দের সময় বাঁচাতে আর বিশ্রামের সুযোগ করে দিতে একটা বিমান কিনলেই তো হয়!’
এমন নয় যে বিসিসিআইয়ের বিমান কেনার মতো সামর্থ্য নেই। আর যা-ই হোক, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের আর্থিক সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন চলে না। টাইমস অব ইন্ডিয়াকে ঠিক এ কথাই বললেন কপিল, ‘বিসিসিআই যেহেতু এখন প্রচুর আয় করছে, তাই তাদের নিজস্ব বিমান থাকা উচিত। এতে অনেক সময় বাঁচবে আর খেলোয়াড়দের ঝামেলাও কমবে। বোর্ড চাইলেই এটা কিনতে পারে। পাঁচ বছর আগেই তাদের এটা করা উচিত ছিল।’
দুনিয়ার কোনো ক্রিকেট বোর্ডেরই নিজস্ব বিমান নেই। এমনকি ধনী ক্রিকেটারদেরও ব্যক্তিগত বিমান কিনতে দেখা যায় না। তবে ফুটবল, গলফ কিংবা অন্যান্য খেলায় তারকাদের ব্যক্তিগত বিমান রয়েছে। সেটিও যে সবার আছে, তা-ও নয়। যেমন ধরুন, ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা নেইমারের ব্যক্তিগত জেট বিমান আছে। আবার লিওনেল মেসি ব্যক্তিগত জেট ব্যবহার করেন না।
গলফে টাইগার উডস, ফর্মুলা ওয়ানে মাইকেল শুমাখার, কিংবা বাস্কেটবলে ‘ম্যাজিক’ জনসন—এঁদের সবারই ব্যক্তিগত বিমান আছে। কপিলের প্রশ্ন, তাহলে ক্রিকেটারদেরও কেন থাকবে না?
ভারতের এ কিংবদন্তি অলরাউন্ডারের যুক্তি, ‘ভবিষ্যতে ক্রিকেটারদের ব্যক্তিগত বিমান দেখতে চাই আমি। যুক্তরাষ্ট্রে শীর্ষ পর্যায়ের গলফারদের কিন্তু ব্যক্তিগত বিমান আছে। তাই সময় বাঁচাতে ক্রিকেটারদের ব্যক্তিগত বিমান না কেনার পেছনে আমি কোনো যুক্তি দেখি না। বিসিসিআই বিমান কিনলে কিন্তু ম্যাচগুলোর ফাঁকে ক্রিকেটাররা বাড়তি বিশ্রামের সময় পাবে।’
কপিল এটাও নিশ্চিত, ‘বিমানের পার্কিং খরচ বহন করতে বিসিসিআইয়ের কোনো সমস্যা হবে না।’ সূত্র: জি নিউজ।