কোহলিদের তোয়াজ করা নয়, ওটা কলঙ্কমোচনের চেষ্টা

আইপিএলের চুক্তির জন্য অস্ট্রেলীয় ক্রিকেটাররা ‘নরম’ হয়ে গেছেন? সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন এমনটাই। তাঁরা যেন অর্থকরী আইপিএলে খেলার সুযোগ পান, সে কারণেই বিরাট কোহলিসহ ভারতীয় ক্রিকেটারদের তোয়াজ করে চলেন। কয়েক দিন আগে ক্লার্কের করা এসব মন্তব্যের প্রসঙ্গে মুখ খুলেছেন অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক টিম পেইন। তিনি ক্লার্কের মন্তব্যকে একেবারে উড়িয়ে না দিয়েই বলেছেন, অস্ট্রেলীয় ক্রিকেটারদের ‘নরম’ হয়ে যাওয়ার অন্য কারণও আছে।
কি সেই কারণ! পেইনের মতে, ২০১৭ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে যে বল বিকৃতির অভিযোগ অস্ট্রেলীয় ক্রিকেটের ইমেজহানি করেছিল, সেটাই অস্ট্রেলীয় ক্রিকেটারদের স্লেজিং ও আগ্রাসী আচরণ থেকে বিরত থাকার মূল কারণ। সে সময় অস্ট্রেলীয় ক্রিকেট যে ধরনের ইমেজ সংকটে পড়েছিল, তা থেকে বেরিয়ে আসতে এমন নরম আচরণের দরকার হয়ে পড়েছিল।
বল বিকৃতির অভিযোগের পর অস্ট্রেলীয় ক্রিকেটের ইমেজ ফেরানোই যে সময় মূল ব্যাপার ছিল, সেটিই বলেছেন পেইন, ‘আমি মনে করি ২০১৮ সালে ভারত সিরিজের ছয় মাস আগে ঘটে যাওয়া বল বিকৃতি ঘটনার পর সারা দুনিয়ার সবাই চাচ্ছিল অস্ট্রেলীয় ক্রিকেট দল তাদের খেলায় আগ্রাসনটা একটু কম দেখাক। এটাই বড় ব্যাপার ছিল।’
তাহলে আইপিএলে চুক্তির জন্য ভারতীয়দের তোয়াজ করার ব্যাপারটি মিথ্যা? পেইন অবশ্য বলেছেন, কোনো কোনো ক্রিকেটারের মধ্যে ‘তোয়াজে’র ব্যাপারটি থাকলেও থাকতে পারে, ‘বড় ব্যাপার ছিল ইমেজ ফেরানোই, এটা সত্যি। তবে কোনো কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে। আমি ঠিক জানি না। তবে ক্রিকেট মাঠে বন্ধু হারানো বা কারও মন জয় করার ব্যাপারটি ছিল বল বিকৃতির পর অস্ট্রেলীয় ক্রিকেটের ইমেজ ফেরানোর চেষ্টার চেয়ে অনেক গৌণ একটা বিষয়।’
২০১৮-১৯-এ, বল বিকৃতি-কাণ্ডের পর অস্ট্রেলিয়া সফর করে ভারত। সে সিরিজে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার আধিপত্যের বিষয়টি পুরোপুরি অনুপস্থিত ছিল। ভারত অবশ্য দুর্দান্ত খেলেই ৪ টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়। টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয় ১-১ ম্যাচে, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও ভারত জেতে ২-১ ব্যবধানে।