ধুঁকছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন মেঘের আনাগোনা বারবার। ছবি: রয়টার্স
এমন মেঘের আনাগোনা বারবার। ছবি: রয়টার্স

রবিচন্দ্রন অশ্বিন নেই, আছেন রবীন্দ্র জাদেজা! অশ্বিনকে রেখে তাঁকে একাদশে নেওয়ার যৌক্তিকতা বোঝাচ্ছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের চার উইকেটের তিনটিতেই জড়িয়ে তাঁর নাম। ফিফটি করা আজহার আলীকে আউট করেছেন। বাবর আজমের ক্যাচ ধরেছেন। দুর্দান্ত রান আউটে ফিরিয়েছেন দুই চার ও এক ছক্কা দিয়ে রানের খাতা খোলা শোয়েব মালিককেও!

২৪ ওভার শেষে ৪ উইকেটে ১১৭ রান তোলা পাকিস্তান ধুঁকছে। তাদের নতুন লক্ষ্য ৪১ ওভারে ২৮৯ রান। ১৭ ওভারে তুলতে হবে ১৭২। ওভারে দশের ওপরে রান তোলার কঠিন পরীক্ষায় পাকিস্তান।
ভারত-পাকিস্তান লড়াই মানে এক সময় ছিল পাকিস্তানি পেস বনাম ভারতীয় ব্যাটিং। ছবিটা অনেকটাই বদলে গেছে এখন। পাকিস্তানের সেই পেস আক্রমণ আর নেই, উইকেটও এখন রানপ্রসবা। সেই যন্ত্রণা আজ ভালোমতোই টের পেলেন পাকিস্তানি বোলাররা। ভারতের প্রত্যেক ব্যাটসম্যানই আজ রীতিমতো ‘নির্যাতন’ করেছেন পাকিস্তানি বোলারদের। রোহিত শর্মাই কেবল রানের চেয়ে বল খেলেছেন বেশি। ১১৯ বলে ৯১। ৬৫ বলে ৬৮ শিখর ধাওয়ানের। ২৫ তম ওভারে ধাওয়ান ফেরার আগে উদ্বোধনী জুটিতেই এসেছে ১৩৬ রান।
শুরুর এই ভিত্তির ওপর দাঁড়িয়ে এরপর চড়াও হলেন বাকিরা। রোহিত রান আউটের শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হলেন। তবে তার প্রভাব পড়ল না ম্যাচে। কোহলি ৬৮ বলে ৮১ রানে অপরাজিত থাকলেন। যুবরাজ ৩২ বলে ৫৩ করে বোঝালেন বুড়ো হাড়ের ভেলকি। শেষ ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকানো হার্দিক পাণ্ডিয়া ৬ বলে ২০ রানে অপরাজিত থেকে বোঝালেন, ধোনি বিদায় নিলেও শেষের ঝড় তোলার সমস্যায় ভুগতে হবে না ভারতকে।
শেষ ৪ ওভারেই ভারত তুলল ৭২ রান। না হলে এক সময় চাপে ফেলে দিয়েছিল পাকিস্তানি বোলাররা। এই ম্যাচে বোলারদের একমাত্র সাফল্য সেই কয়েকটি ওভারই। দুই বোলার মাঠ ছেড়ে বেরিয়েই গেলেন, মাঠে যন্ত্রণায় কাতর ছিলেন। সেই যন্ত্রণা পাকিস্তানের বোলারদের সবার মুখেই ছিল স্পষ্ট।
এর মধ্যে আমির অবশ্য বেশ ভালো বোলিং করছিলেন। ৮.১ ওভারে দিয়েছেন ৩২ রান। তবে ওয়াহাব রিয়াজের ওভার শেষ না করে বের হওয়াটা কারও কারও মনে হতে পারে যেন লড়াই থেকে পালিয়ে বাঁচা। রিয়াজ যে ৮.৪ ওভারে ৮৭ রান দিয়ে গড়লেন চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি রান দেওয়ার নতুন রেকর্ড!
ম্যাচে আরও বেশ কয়েকবার বৃষ্টি বাগড়া দিতে পারে। পাকিস্তানকে রান তাড়া করতে গিয়ে তাই এই ব্যাপারটিও মাথায় রাখতে হচ্ছে। ৩০ ওভারে নেমে এলে তাদের নতুন লক্ষ্য হবে ২২৯। ২০ ওভারে নেমে এলে লক্ষ্য হবে ১৭৩। কমপক্ষে ২০ ওভার না হলে খেলা পরিত্যক্ত। এরই মধ্যে একটি ম্যাচ দেখেছে এমন পরিণতি। আগামীকাল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও আছে বৃষ্টির পূর্বাভাস।