কোহলিদের মাথায় শুধুই পেইন

>মেলবোর্ন টেস্টে জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হার দেখছে অস্ট্রেলিয়া
মেলবোর্নে ৫ উইকেটে ৫৪ রান নিয়ে কাল তৃতীয় দিন শেষ করেছিল ভারত। আজ স্কোরবোর্ডে আরও ৫২ রান যোগ করতেই ৩ উইকেট হারানোর পর ব্যাটিং করাটা যৌক্তিক বলে মনে করেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুই ইনিংস মিলিয়ে স্কোরবোর্ডে লিড তখন ৩৯৮ রানের উচ্চতায়। এই রানকে নিরাপদ ভেবেই ৯ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন কোহলি। জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোহলির এই ভাবনাকে যৌক্তিক করার পথেই হাঁটছে অস্ট্রেলিয়া।
প্রায় ছয় সেশনেরও কম সময় হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকাটাই শেষ কথা। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তা আর পারছে কোথায়! এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৫৭। দলীয় ৬৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। মার্শ ভাইয়েরা এসে দলের বিপদ সেভাবে কাটাতে পারেননি। দলীয় ১৩৫ রানের মধ্যে বিদায় নেন দুই ভাই। ট্রাভিস হেড এসে অধিনায়ক টিম পেইনের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেছিলেন। কিন্তু হেডকে (৩৪) ইশান্ত শর্মা তুলে নেওয়ার পর স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে উইকেটে আছেন শুধু পেইন।
মেলবোর্নে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ারই বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। ৯০ বছর আগের সেই রেকর্ড যে পেইনের এই দলের পক্ষে ভাঙা সম্ভব না তা স্কোরবোর্ডই বলছে। স্কোরবোর্ড এটাও বলছে, ভারতের জয় এখন শুধুই সময়ের ব্যাপার। এ ছাড়াও টেস্টে গত চার বছরে ভারতের বিপক্ষে কোনো দলই চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে জিততে পারেনি।
এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস পুড়েছে প্যাট কামিন্সের গতি আর বাউন্সের কাছে। একাই ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। ভারতের কোনো ব্যাটসম্যানই অন্তত ফিফটির দেখাও পাননি। দুর্দান্ত বোলিং করা কামিন্সকে নিয়েই ব্যাটিংয়ে আপাতত লড়াই চালিয়ে যাচ্ছেন পেইন। টেস্টে আজ চতুর্থ দিন হওয়ায় অস্ট্রেলিয়া অধিনায়কও জানেন, হার এড়ানো অসম্ভব। তবে হারের আগে প্রতিপক্ষকে যতটুকু সম্ভব ‘পেইন’ দেওয়া তো অস্ট্রেলিয়ান ক্রিকেটে মানসিক কাঠিন্যতারই অংশ। পেইন এখন সেই কাজটিই করছেন।