কোহলিদের সাবেক সতীর্থের বিরুদ্ধে ‘পিচ রোলার’ চুরির অভিযোগ

কোহলির সঙ্গে পারভেজ রসুলছবি: বিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীর থেকে আইপিএলে খেলা প্রথম ক্রিকেটার পারভেজ রসুল। ওই অঞ্চল থেকে ভারত জাতীয় দলে খেলা একমাত্র ক্রিকেটারও এই অলরাউন্ডার। এখন জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেকেসিএ) বিপক্ষে দাঁড়াতে হচ্ছে পারভেজ রসুলকে।

নিজের রাজ্য ক্রিকেট সংস্থার দ্বারা হেনস্তার শিকার হচ্ছেন বলে মনে করছেন তিনি। নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হস্তক্ষেপ কামনা করেছেন রসুল।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) পারভেজ রসুলের বিপক্ষে পিচ রোলার চুরির অভিযোগ এনে তাঁকে একটি নোটিশ পাঠিয়েছে। পিচ রোলার ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে জেকেসিএ।

জম্মু-কাশ্মির থেকে আইপিএলে খেলা প্রথম ক্রিকেটার রসুল
ছবি: বিসিসিআই

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে পারভেজ রসুল বলেছেন, ‘তারা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। মেইলে তারা বলেছে, “তাকে ঠেসে ধরার জন্য যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে।” বোর্ড গঠন হয়েছে কি এ জন্যই? তাদের লক্ষ্য তো অন্য রকম।’

পারভেজ রসুল জম্মু ও কাশ্মীর দলের অধিনায়ক এবং ভারত ‘এ’ দলের নিয়মিত খেলোয়াড়।

ভারতের হয়ে একটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলেছেন তিনি। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার আরও অভিযোগ করেন, জেকেসিএর অ্যাকাউন্ট থেকে এক অফিশিয়াল টুইট করা হয়েছিল, রসুলকে আরও বড় দড়ি দেওয়া উচিত, যেন তাঁর ফাঁসি নিতে সুবিধা হয়।

পরে টুইটটি মুছে ফেলা হয় বলে জানান তিনি, ‘সেই অফিশিয়াল টুইটটি মুছে ফেললেও আমার কাছে স্ক্রিনশট আছে। কেউ কি আমায় বলতে পারেন কী ভুল করেছি যে ফাঁসি নিতে হবে আমাকে? কোনো সন্দেহ থাকলে আমার ফোন নম্বর আছে, তারা ফোন করতে পারে। মাত্র কয়েক সেকেন্ডে সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু এখন মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাতে চায়।’

নিজের অঞ্চলের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেই লেগেছে রসুলের
ছবি: বিসিসিআই

গত জুনে জম্মু ও কাশ্মীর ক্রিকেট প্রশাসক কমিটি গঠন করা হয়। অঞ্চলটির হাইকোর্ট রায় দেন, জম্মু ও কাশ্মীর ক্রিকেট বোর্ড চালানো উচিত বিসিসিআইয়ের। এক মাস পর বিজেপির দুই মুখপাত্র গুপ্তা ও সুনীল শেঠিকে প্যানেলে নিয়োগ দেওয়া হয়। তাঁদের সঙ্গে ক্রিকেটার মিঠুন মানহাসকে জুড়ে দেয় বিসিসিআই।

এদিকে জেকেসিএর অফিশিয়ালের দাবি, রসুলের নাম নিবন্ধিত হয়েছে ক্রিকেটারটির জেলার নামে। এ কারণে নোটিশটি তাঁর কাছে পৌঁছেছে। কিন্তু রসুলের দাবি, সেটি হলে তো প্রথম চিঠিও (নোটিশ) তাঁর হাতেই পৌঁছাত। কিন্তু সেটি তিনি পাননি। ভেবেচিন্তেই তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছে, দাবি করেন পারভেজ রসুল।

আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও খেলেছেন রসুল
ছবি: বিসিসিআই

‘তাদের দাবি (নামটা) রেকর্ড বইয়ে আছে। সেটা হলে প্রথম নোটিশটি আমি পাইনি কেন? আমাকে দ্বিতীয় নোটিশটি পাঠানো হয়েছে। অর্থাৎ ভেবেচিন্তেই পাঠানো হয়েছে। নিশ্চয়ই তাদের কাছে (প্রাপ্তি স্বীকার) রসিদ আছে? যদি মনে হয় কেউ ওটা (পিচ রোলার) ঠিকভাবে ব্যবহার করছে না, তাহলে তাদেরকে লিখুন, ক্রিকেটারকে নয়, যার এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমি ভালোবাসার জায়গা থেকে ক্রিকেট খেলি। কিন্তু তারা আমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করছে’ - বলেছেন রসুল।

বিসিসিআই এ ব্যাপারে হস্তক্ষেপ করুক, এখন সেটা চান রসুল, ‘আমার মনে হয় বিসিসিআইয়ের হস্তক্ষেপ করা উচিত। আমার কাজগুলো দেখুন দয়া করে। এই অঞ্চলে ক্রিকেট সম্প্রসারণের কাজ করছি। নিজের পকেটের টাকা খরচ করে মাঠ বানিয়েছি, দৈনন্দিন খরচ মেটাচ্ছি। নিজে কোনো টাকা নিই না, খেলোয়াড়দের সাহায্য করি।’